
ইউক্রেনে বিধ্বস্ত মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজের ২৯৮ আরোহীর মধ্যে ১৯৬ জনের মৃতদেহ গতকাল রোববার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এলাকার নিয়ন্ত্রণে থাকা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা উদ্ধার হওয়া সব মৃতদেহ সরিয়ে ফেলেছে বলে অভিযোগ করছে ইউক্রেন সরকার ও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা। এতে করে এ বিপর্যয়ের কারণ নির্ধারণের কাজ কঠিন হয়ে উঠতে পারে। বিদ্রোহীরা উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে তথ্য-প্রমাণ গায়েব করে দিচ্ছে বলে এর আগেই অভিযোগ করেছিল সরকারসহ বিভিন্ন মহল। খবর এএফপি ও রয়টার্সের।
পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ওই ধ্বংসাবশেষের মধ্যে আগের দুই দিনের তুলনায় গতকাল উদ্ধার ও তদন্ত প্রক্রিয়ায় বিশৃঙ্খলা কিছুটা কম ছিল। দাঙ্গা পুলিশের সদস্যরা মূল ধ্বংসস্থলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ঘিরে রেখেছে। এতে করে বিভিন্ন দেশ থেকে যাওয়া তদন্তকারী ও বিশেষজ্ঞদের কাজের একটু সুবিধা হয়েছে। কিন্তু দৃশ্যত সেখানে সশস্ত্র বিদ্রোহীরাই কর্তৃত্ব করছে। স্থানীয় রেলকর্মীরা জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা উদ্ধারকৃত মৃতদেহগুলো একটি ট্রেনে তুলে নিয়ে সরিয়ে ফেলেছে।
এর আগে দোনেৎস্ক অঞ্চলের জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল জানান, উড়োজাহাজের আরোহীদের মধ্যে ১৯৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো শতাধিক মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ওই কর্মকর্তা আরও জানান, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ যে বিশাল এলাকাজুড়ে ছাড়িয়ে পড়েছে, সেখানে একটি জলাধারও আছে। সেখানে তল্লাশির জন্য ডুবুরিদের কাজে লাগানো হয়েছে।
ইউক্রেনের সরকারি কর্মকর্তা ও অন্যান্য দেশ থেকে যাওয়া পর্যবেক্ষক ও তদন্তকারীরা গতকাল জানান, শনিবার দিনের বেলায়ও দেখা গেছে খেত-খামারের মধ্য থেকে উদ্ধার করা মৃতদেহগুলো কালো ব্যাগের মধ্যে ঢুকিয়ে সারি করে রাখা হয়েছে সড়কের পাশে। কিন্তু গতকাল সকালে সেগুলো আর সেখানে পাওয়া যায়নি। অন্যদিকে রেলকর্মীরা জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা জরুরি বিভাগের কর্মীদের মৃতদেহগুলো একটি শীতাতপনিয়ন্ত্রিত ট্রেনে তুলে দিতে বাধ্য করে। এরপর ট্রেনটি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা রাশিয়া সীমান্ত লাগোয়া আরেকটি শহরের দিকে চলে যায়।
মূল ধ্বংসস্থল থেকে ১৫ কিলোমিটার দূরের তোরেজ শহরের রেলস্টেশনের কর্মকর্তা নাতালিয়া খুরুজহায়া জানান, রোববার খুব সকালে তিনি দেখতে পান একটি ট্রেনের ছয়টি কামরায় মৃতদেহ তুলছেন জরুরি বিভাগের কর্মীরা। এরপর ট্রেনটির রুশ সীমান্তবর্তী ইলোভায়স্ক শহরের দিকে যাওয়ার কথা ছিল।
রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানায়, মৃতদেহগুলো বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি দোনেৎস্ক শহরে নিয়ে যাওয়ার কথা ছিল। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানান, তাঁরা আশা করছেন বিচ্ছিন্নতাবাদীরা মৃতদেহগুলো তাঁদের হাতে তুলে দেবে। এরপর তাঁরা সেগুলো সরকারনিয়ন্ত্রিত খারকিভ শহরে নিয়ে যাবেন।
কিন্তু ইউক্রেন সরকারের বিরুদ্ধে লড়াইরত বিচ্ছিন্নতাবাদীরা মৃতদেহগুলো আদৌ সরকারের কাছে তুলে দেবে কি না, তা নিশ্চিত নয়।
এর আগে ইউক্রেন সরকারের জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা নাতালিয়া বায়াত্রো বলেন, ‘তারা (বিচ্ছিন্নতাবাদী) মৃতদেহগুলো কোথা নিয়ে গেছে আমরা তা জানি না।’
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, মৃতদেহ ও উড়োজাহাজের ধ্বংসাবশেষের টুকরা সরিয়ে ফেলা এবং সম্ভাব্য আলামত নষ্ট করার অনেকগুলো ঘটনা জানা গেছে। যুক্তরাষ্ট্রের ওই মন্তব্যের সূত্র ধরে ইউক্রেনের নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র আন্দ্রেই লেইশেঙ্কো বলেন, ‘রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা এসব কোথায় নিয়ে যাচ্ছে, তা কিছুই বলছে না। এটা একটা বড় সমস্যা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র দিয়েই যে উড়োজাহাজটি ভূপাতিত করা হয়েছে, এই তথ্য চাপা দেওয়ার জন্য যা যা করা দরকার, তার সবই তারা করছে।’
যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সরকার মনে করে, লড়াইরত রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ছোড়া ক্ষেপণাস্ত্রেই উড়োজাহাজটি ভূপাতিত হয়েছে। আর ওই ক্ষেপণাস্ত্র তাদের কাছে দিয়েছে রাশিয়া। কিন্তু রাশিয়া ও বিচ্ছিন্নতাবাদীরা এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে, এটা ইউক্রেনের সরকারি বাহিনীরই কাজ।
গত বৃহস্পতিবার ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে বিধ্বস্ত হয় মালয়েশিয়া এয়ার লাইনসের ফ্লাইট ১৭। এতে মোট আরোহী ছিল ২৯৮ জন। তাঁদের মধ্যে ২৮৩ জন যাত্রী এবং বাকি ১৫ জন ক্রু। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়া উড়োজাহাজটিতে শুধু নেদারল্যান্ডসের নাগরিক ছিলেন ১৯৩ জন। এরপর সবচেয়ে বেশি যাত্রী ছিল মালয়েশিয়ার, ৪৩ জন। বাকি যাত্রীরা ছিলেন আরও ১০টি দেশের নাগরিক।