মৃতের সংখ্যা প্রায় এক হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে ভয়াবহ ঝড় ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় হাজারে দাঁড়িয়েছে। দেশটির সরকার গতকাল মঙ্গলবার এ তথ্য জানায়।সামুদ্রিক ঝড় ওয়াশির আঘাত ও বন্যায় দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপসহ কয়েকটি স্থানে প্রায় ৯৫৭ জনের মৃত্যু হয়। এ ছাড়া এখনো খোঁজ পাওয়া যায়নি ৪৯ জনের। স্থানীয় কয়েকটি শহরে নিহত ব্যক্তিদের গণকবর দেওয়া হয়েছে।ওয়াশির প্রভাবে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে গত শুক্রবার নদী তীরবর্তী শহরগুলো ভেসে যায়। সাগর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। তিন দিন ধরে পানিতে থাকা লাশগুলো পচন ধরা অবস্থায় তীরে ভেসে ওঠে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছিলেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো মিন্দানাও দ্বীপে গিয়ে গতকাল ত্রাণতৎপরতা পরিদর্শন করেন এবং নিহতদের স্বজনদের সান্ত্বনা দেন। প্রেসিডেন্টের মুখপাত্র রিকি ক্যারেনডাং বলেন, বর্তমান পরিস্থিতিকে ‘জাতীয় দুর্যোগ’ বলে ঘোষণা করেছেন অ্যাকুইনো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্যাগায়ান দ্য ওরো শহরে ৫৭৯ ও ইলিগান শহরে ২৭৯ জনের মৃত্যু হয়।কাগায়ান দ্য ওরো শহরের চিকিৎসা আইন কর্মকর্তা ক্রিশ্চিয়ান ক্যাবালেস বলেন, গণকবরে সমাহিত করার আগে মৃতদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ জানায়, সাম্প্রতিক দুর্যোগে দুই লাখ ৮৪ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরে যেতে হয়েছে এবং সরকারি আশ্রয়কেন্দ্রে করুণ অবস্থায় দিন কাটাচ্ছে অন্তত ৪২ হাজার মানুষ।রাজধানী ম্যানিলা থেকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত কাগায়ান দ্য ওরো এলাকাটি প্রতিবছরই ঘূর্ণিঝড় ও বন্যার কবলে পড়ে। সামুদ্রিক ঝড় ওয়াশির সঙ্গে কেটসানার সাদৃশ্য খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ। কেটসানা নামের ভয়ঙ্কর ওই ঝড়টি ২০০৯ সালে রাজধানী ম্যানিলাসহ আশপাশে আঘাত হানে। এতে ৪৬৪ জনের মৃত্যু হয়। এএফপি।