ফিলিপাইনে ঝড় ও বন্যায় মৃতের সংখ্যা প্রায় দেড় হাজারে পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে পানিতে আরও মৃতদেহ পাওয়া গেছে। তবে কত লোক নিখোঁজ রয়েছে, তা এখনো পরিষ্কার নয়। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।বেসামরিক প্রতিরক্ষা কার্যালয় সূত্র জানায়, পানির নিচ থেকে আরও ২০০ মৃতদেহ খুঁজে পাওয়ার পর এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৫৩ জনে। নিহত ব্যক্তিদের বেশির ভাগেরই পরিচয় জানা যায়নি। গত ১৬ ডিসেম্বর মিন্দানাও দ্বীপে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ওয়াশি’ আঘাত হানে। এতে কাগায়ান দ্য ওরো এবং ইলিগান শহর বিধ্বস্ত হয়। ঝড়ের ফলে টানা ১২ ঘণ্টা যে বৃষ্টিপাত হয় তা প্রায় দেশটির গড়ে এক মাসের বৃষ্টিপাতের চেয়েও বেশি। ঘূর্ণিঝড়ের কারণে নদীর তীরবর্তী এলাকাগুলো তলিয়ে যায়। ফলে ভূমিধসের সৃষ্টি হয়।আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা প্রধান অ্যানা কানেডা বলেন, তাঁরা আরও মৃতদেহের সন্ধান পাবেন বলে ধারণা করছেন। এখনো অনেক এলাকা রয়েছে, যেখানে তাঁরা পরীক্ষা করে পচা লাশের দুর্গন্ধ পেয়েছেন।জাতীয় দুর্যোগ সংস্থা বলছে, বাস্তুচ্যুত ৬০ হাজার মানুষের জন্য অস্থায়ী ঘর নির্মাণ করতে ছয় মাস লেগে যেতে পারে। এসব মানুষের অনেকেই বর্তমানে বিভিন্ন বিদ্যালয় ভবনে আশ্রয় নিয়েছে।ফিলিপাইন রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এখন অস্থায়ী নিবাস দরকার। আগামী ৩ জানুয়ারি থেকে ক্লাস শুরু হলে তাদের বিদ্যালয় ভবন থেকে সরিয়ে নিতে হবে। তবে প্রধান সমস্যা হলো জায়গা। বন্যা, ভূমিকম্প ও ভূমিধস থেকে ঝুঁকিমুক্ত জায়গার প্রয়োজন।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় সাহায্য সংস্থাগুলো অর্থের জন্য আবেদন জানিয়েছে। জাতিসংঘ দাতাদের কাছে দুই কোটি ২৮ লাখ মার্কিন ডলার সাহায্যের আবেদন জানিয়েছে। বিবিসি, এএফপি।