মৃতের সংখ্যা বেড়ে ২০০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের রিও ডি জেনিরো প্রদেশে গত বুধবার রাতে আবারও ভূমিধসের ঘটনা ঘটেছে। নিটেরোই শহরে একটি বস্তি এলাকায় নতুন করে ভূমিধসে অন্তত ৪০টি বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। তিন দিনের অব্যাহত বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৩৫ জন। এখনো নিখোঁজ আছে অন্তত ৬০ জন। বন্যা ও ভূমিধসে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে দমকলকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবারও তাঁদের উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল। গত বুধবার রোদ উঠে আবার বৃষ্টি শুরু হয়। পাহাড়ি এলাকার ভেজা মাটিতে দমকলকর্মীদের উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পেতে হয়। এদিকে দুর্গত এলাকায় স্বাস্থ্যকর্মীরা ৭০ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করবেন বলে কর্তৃপক্ষ ঘোষণা করেছে। এসব প্যাকেটে খাদ্য, কাপড় ও চিকিৎসা সরঞ্জাম থাকবে। নিহত ব্যক্তিদের স্মরণে রিও ডি জেনিরো রাজ্যের গভর্নর সার্জিও সেবরাল তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন। সোমবার বিকেল থেকে রিও ডি জেনিরোতে ভারী বর্ষণ শুরু হয়। চার দশকের বেশি সময়ের মধ্যে এত বৃষ্টি আর হয়নি। বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস হয়। এতে সেখানকার ঝুপড়ি ঘরগুলো ভেঙে পড়েছে। বাস্তুহারা হয়েছে এক হাজার ৪০০-এর বেশি মানুষ। বৃষ্টির পানিতে রাস্তাঘাট, ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামসহ অনেক খেলার মাঠ ও ব্যায়ামাগার তলিয়ে যায়। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। রিও ডি জেনিরো শহরের মেয়র এদুয়ার্দো পায়েস ঘোষণা দেন, দক্ষিণ আমেরিকার অন্যতম বড় বস্তি রিওর প্লেজার হিল ও রসিনহা বস্তি থেকে দেড় হাজার পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এএফপি ও রয়টার্স।