মৃতের সংখ্যা বেড়ে ২৪০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০ জনে। আগ্নেয়গিরি থেকে গত শুক্রবারও লাভা ও ছাইমেঘের উদিগরণ হয়েছে। দেশটির কর্তৃপক্ষ গতকাল শনিবার বলেছে, পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে তা আগাম বলা মুশকিল। এর আগে আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে বলেন, মাউন্ট মেরাপি থেকে আবারও অগ্ন্যুৎপাত হতে পারে।গত ২৬ অক্টোবর থেকে মাউন্ট মেরাপিতে কয়েক দফা অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। ৫ মে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বিকট শব্দে লাভার উদিগরণ হয়। এর বেগ ছিল ভয়াবহ, ঘণ্টায় অন্তত ১০০ কিলোমিটার। বিশেষজ্ঞরা বলেছেন, ১৮৭২ সালের পর ওই দিনই সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত হয়। অগ্ন্যুৎপাতের কারণে এ পর্যন্ত ২৪০ জনের মৃত্যুর খবর গতকাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।এখনো আগ্নেয়গিরির আশপাশের গ্রামে উদ্ধার তৎপরতা চলছে। সেখানে মৃতদেহ পাওয়া যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে।এদিকে সর্বশেষ অগ্ন্যুৎপাতের আগে ও পরে মাউন্ট মেরাপির আশপাশের অন্তত তিন লাখ ৯০ হাজার মানুষকে ২০ কিলোমিটার দূরে নিরাপদ ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের অস্থায়ী তাঁবু থেকে নিজেদের বাসস্থানে ফিরে যাওয়ার ঝুঁকি না নিতে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে, যেকোনো মুহূর্তে মাউন্ট মেরাপিতে আবারও অগ্ন্যুৎপাত হবে। এএফপি।