চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বর্ষণের ফলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৭ জন। এ ছাড়া এখনো সাতজন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শহরবাসী গতকাল সোমবার ক্ষোভ প্রকাশ করেছে। শহরটিতে গত শনিবার ৬১ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়।শহরে বন্যানিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে সিনা ওয়েইবো নামের জনপ্রিয় একটি ব্লগে গতকাল সকাল পর্যন্ত প্রায় ৯০ লাখ মন্তব্য করা হয়। কর্তৃপক্ষের অসতর্কতা ও পুরোনো পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে বন্যা সামাল দেওয়া সম্ভব হয়নি বলে ওই ব্লগে অভিযোগ করা হয়। বিজিয়েজিংয়াং নামের একজন ব্লগার লিখেছেন, ‘যদি ঠিকঠাক পানি নিষ্কাশনব্যবস্থা ও পর্যাপ্ত সতর্কতা থাকত তাহলে কি এত মানুষের প্রাণ যেত?’ঝুলিদেমিক্সো নামের অপর এক ব্লগার লিখেছেন, ‘ঝড়বৃষ্টির কাছে বেইজিং নগরের অবকাঠামো পরাস্ত হয়েছে। এ ব্যাপারে গর্বের কিছু নেই।’গ্লোবাল টাইমস পত্রিকার গতকালের সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, রাজধানীতেই যদি এত বিশৃঙ্খলা হয়, তাহলে অন্যান্য স্থানে দুর্যোগ-ব্যবস্থাপনার অবকাঠামো হয়তো আরও নাজুক। এএফপি।