উত্তর ভারতজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। দিল্লি,কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তীব্র শীতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বিহার ও উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝাড়খন্ডের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গোপালকৃষ্ণ পাতার জানান, শৈত্যপ্রবাহে ঝাড়খন্ডে মারা গেছে ১৪ জন। এ নিয়ে উত্তর ভারতের উত্তর প্রদেশে ৪৫, পাঞ্জাবে নয়, বিহারে সাত ও ঝাড়খন্ডে ১৪ জন মারা গেছে। সরকারি হিসাবে মঙ্গলবারই ওই সব রাজ্যে শীতে ২২ জন মারা গেছে। এদিকে বিহার সরকার শৈত্যপ্রবাহের কারণে সাময়িকভাবে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে। অন্যদিকে উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায়ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৫ ডিসেম্বর পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। দিল্লিতেও চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে যানবাহনসহ বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। কুয়াশার কবলে পড়ে গত মঙ্গলবার বিহারে সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি ঘটেছে।