ইউরোপে আশ্রয়প্রার্থীদের মৃত্যু প্রতিরোধে ‘আরও বেশি তৎপরতা প্রয়োজন’। জাতিসংঘের মহাসচিব বান কি-মুন এ সংকট মোকাবিলায় ‘সম্মিলিত রাজনৈতিক সাড়া’ দেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি ও এএফপির।
সম্প্রতি ইউরোপমুখী শত শত লোকের প্রাণহানির পরিপ্রেক্ষিতে ‘অভিবাসীদের জন্য নিরাপদ ও বৈধ পথ বাড়াতে’ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অস্ট্রিয়ায় একটি ট্রাকের ভেতর গত বৃহস্পতিবার ৭১ জনের লাশ পাওয়া যায়। লিবিয়া উপকূলের কাছে দুটি নৌযান ডুবে যাওয়ার পর ১১১টি লাশ উদ্ধার করা হয়। আরও বহু লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বান কি-মুন গত শুক্রবার বলেন, প্রাণহানির সর্বশেষ ঘটনাগুলোয় তিনি ‘আতঙ্কিত এবং হতবিহ্বল’। সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের মতো এলাকা থেকে বহু শরণার্থী এ ধরনের কঠিন ও বিপজ্জনক পথে যাত্রা করছেন। লোকজনকে এভাবে পালানোর পথ বেছে নেওয়া থেকে বিরত রাখার জন্য যুদ্ধবিগ্রহ ও অন্যান্য সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আরও বেশি উদ্যোগী হতে হবে।