মৃত্যুদণ্ড বন্ধের দাবি শিখদের
ভারতে মৃত্যুদণ্ড বন্ধের দাবিতে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে বিক্ষোভ দেখাবে ভারতীয় শিখ সম্প্রদায়ের একটি গ্রুপ। গতকাল শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠানের কথা ছিল। ভারতে চারজন শিখকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর থেকেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে ‘কেশরি লেহার’ নামের গ্রুপটি।গতকালের বিক্ষোভ থেকে ওই চারজনের মৃত্যুদণ্ডাদেশের নিন্দা জানানোর কথা ছিল কেশরি লেহারের। চারজনের মধ্যে বুলওয়ান্ত শিং রাজোয়ানা নামের একজনকে ভারতের সাবেক এক মুখ্যমন্ত্রীকে হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।বিবিসির সংবাদদাতা রবার্ট পিগোট জানান, মৃত্যুদণ্ডের হুমকিকে নিজেদের বিরুদ্ধে দমন-পীড়নের অন্যতম হাতিয়ার বলে মনে করেন শিখদের কেউ কেউ। তবে লন্ডনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে।ভারতের পাঞ্জাব রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বেয়ান্ত সিং ১৯৯৫ সালের ৩১ আগস্ট এক আত্মঘাতী হামলায় নিহত হন। দিলাওয়ার সিং নামের এক ব্যক্তি হামলাটি চালান। হামলায় নিহত হয় আরও ১৭ জন। আত্মঘাতী হামলাটি ব্যর্থ হতে পারে, এমন আশঙ্কায় বিকল্প হামলাকারী হিসেবে বুলওয়ান্ত শিং রাজোয়ানা নিজেকে প্রস্তুত রেখেছিলেন। এই ভূমিকার কারণেই পরবর্তীকালে ২০০৭ সালে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।সাংবাদিক রবার্ট পিগোট জানান, শিখদের দমন-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন এবং পাঞ্জাবে শিখদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন বুলওয়ান্ত শিং রাজোয়ানা। গত বছরের মার্চে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। যদিও মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে তিনি আবেদন করেননি।ভারতে শত শত মানুষকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলেও সচরাচর তা কার্যকর করা হয় না। বিবিসি।