মৃত্যুদণ্ড বিলোপ করার আহ্বান জাতিসংঘের
মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করতে বাংলাদেশ সরকারের প্রতি আবার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সংস্থা ইউএন হাইকমিশনার ফর হিউম্যান রাইটস এই আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের সংস্থাটি মৃত্যুদণ্ডকে ‘অমানবিক প্রথা’ উল্লেখ করে শিগগিরই আইন করে তা ‘বিলোপের’ আহ্বান জানায়। সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘শিগগিরই আইন করে অমানবিক এই প্রথা বিলোপ করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আবার আহ্বান জানাচ্ছি।’
রাভিনা শামদাসানি বলেন, যেকোনো ধরনের অপরাধের ক্ষেত্রেই, এমনকি সবচেয়ে মারাত্মক আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধী জাতিসংঘ। তিনি বলেন, ‘আমরা এর আগেও আহ্বান জানিয়েছি যে মৃত্যুদণ্ড কার্যকর করা বাংলাদেশ সরকারের উচিত নয়।’
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গতকাল সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর সংক্রান্ত প্রসঙ্গ তোলা হয়। এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ বলেন, ‘দুজনের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আমরা অবগত। আমার মনে হয়, এটা স্পষ্ট যে জাতিসংঘের মহাসচিব যেকোনো অপরাধের ক্ষেত্রেই মৃত্যুদণ্ডের বিধানের বিরোধী।’