মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই অস্ট্রেলীয়কে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক চোরাচালানের দায়ে ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড পাওয়া দুই অস্ট্রেলীয় অ্যান্ড্রু চ্যান ও মায়ুরান সুকুমারানকে বালি দ্বীপ থেকে গতকাল বুধবার জাভায় নেওয়া হয়েছে। সেখানে ফায়ারিং স্কোয়াডে শিগগিরই তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। খবর এএফপি ও বিবিসির।
দুই নাগরিকের প্রাণ বাঁচাতে অস্ট্রেলিয়া ব্যাপক কূটনৈতিক প্রয়াস চালালেও মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া বন্ধ করেনি ইন্দোনেশিয়া।
‘বালি নাইন’ নামে পরিচিতি পাওয়া মাদক চোরাচালানিদের একটি চক্রের প্রধান দুই নেতা ছিলেন চ্যান ও সুকুমারান। বালির কেরোবোকান কারাগার থেকে গতকাল সকালে তাঁদের জাভার সিলাকাপ দ্বীপে স্থানান্তর করা হয়। বালি থেকে অস্ট্রেলিয়ায় হেরোইন পাচারের চেষ্টার দায়ে ২০০৬ সালে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রেসিডেন্টের ক্ষমার জন্য তাঁদের আবেদন সম্প্রতি নাকচ হয়ে যায়। অবশ্য মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ এখনো ঘোষণা করা হয়নি। কেবল ইঙ্গিত দেওয়া হয়েছে, তা আসন্ন। তবে ওই তারিখ অবশ্যই অন্তত তিন দিন আগে দণ্ডপ্রাপ্তদের জানানোর কথা।
মাদক পাচার মামলায় ইন্দোনেশিয়ায় আরও কয়েকজন বিদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রাণভিক্ষার আবেদনও নাকচ হয়ে গেছে।