ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি মোহাম্মদ আজমল আমির কাসাব তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। গতকাল শুক্রবার একজন সরকারি কৌঁসুলি এ কথা জানিয়েছেন।সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকাম বলেন, কারা পক্ষের মাধ্যমে কাসাব ওই আবেদন করেছেন। তবে সুপ্রিম কোর্ট কবে নাগাদ কাসাবকে আইনি সহায়তা দেবেন ও আপিল আবেদন গ্রহণ করবেন, সে বিষয়টি পরিষ্কার নয়।গত বছরের মে মাসে মুম্বাইয়ের হাইকোর্ট ভারতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়াসহ গণহত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে কাসাবকে মৃত্যুদণ্ড দেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট কাসাবের আপিল আবেদন খারিজ করে দেন।২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের বিলাসবহুল তাজমহল প্যালেস হোটেল, প্রধান রেলওয়ে স্টেশন ও ইহুদিদের একটি সাংস্কৃতিক কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলায় ১৬৬ জনের প্রাণহানি হয়। পাকিস্তানি নাগরিক কাসাব ও তাঁর সহযোগীরা মুম্বাইয়ের প্রধান রেলস্টেশনে হামলা চালিয়ে ৫২ জনকে হত্যা করেন। বিবিসি ও এএফপি।