মৃত্যুভয় তাড়ানো তাঁর কাজ
ফারাহ দালি একজন চিকিৎসক, যাঁর কাজ মৃত্যুকে সহজভাবে নিতে রোগীদের সাহায্য করা। ৩৩ বছর বয়সী এই স্নায়ুবিদের বেশির ভাগ দিন কাটে রাস্তায়। তাঁর গাড়িতে থাকা জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) যন্ত্রে অনেকের ঠিকানা থাকে। এসব ব্যক্তির আয়ু আর বেশি দিন নেই।ডিসেম্বরের একটি হিমশীতল দিনে এক রোগীকে দেখতে যাচ্ছিলেন দালি। রোগীর নাম অ্যালটন হ্যালভিন। বয়স ৭৪ বছর। আট মাস ধরে হ্যালভিনের চিকিৎসা করছেন তিনি। রোগীর বাড়িতে যাওয়ার পথে গাড়ি চালাতে চালাতে দালি ভাবছিলেন, তাঁর রোগী কতটা কষ্টে আছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হ্যালভিন অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি রোগে ভুগছেন। ‘করটিক্যাল ব্যাসাল ডিজেনারেশন’ নামের জটিল এই রোগ অনেকটা পারকিনসনস রোগের মতো। এই রোগ ধীরে ধীরে স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, মাংসপেশিতে ব্যথা হয় এবং মস্তিষ্কের অংশবিশেষ সংকুচিত করতে থাকে। রোগী হাঁটা ও কাজ করার ক্ষমতা হারালে সংকুচিত করার প্রক্রিয়া বন্ধ হয়। আগেরবারের সাক্ষাতে দালিকে হ্যালভিন বলেছিলেন, ‘দুর্ভাগ্য, রোগটি বেড়েই চলছে।’গাড়ি নিয়ে হ্যালভিনের বাড়ি পৌঁছে দালি দেখেন, তাঁর রোগীর ডান হাত অদ্ভুতভাবে ভাঁজ হয়ে আছে। ব্যথায় কাতর হ্যালভিন চুপ করে বসে আছেন। দালি হ্যালভিনের স্ত্রী মার্থা ও সেবিকা লিন্ডার সঙ্গে সৌজন্য বিনিময় করেন। হ্যালভিনের খোঁজখবর নেন। সেখানে ঘণ্টা দেড়েক সময় কাটানোর পর মার্থা ও লিন্ডার কাছে রোগীর জন্য নতুন ব্যবস্থাপত্র ও পরামর্শ দিয়ে বের হয়ে আসেন।হ্যালভিনের ব্যাপারে দালি বললেন, এই সাক্ষাতের সময় কারও চোখের পানি পড়েনি। কিন্তু সবাই বুঝতে পারছিলেন, হ্যালভিনের হাতে আর বেশি সময় নেই। দুই মাস আগের তুলনায় তাঁর অবস্থার অনেক অবনতি হয়েছে। যেকোনো সময় মারা যেতে পারেন সাবেক ওই কূটনীতিক।দালির মতো যাঁরা এ ধরনের পেশায় আছেন, তাঁদের কাছে কাজটি অনেকটা (ধর্মীয়) আহ্বানে সাড়া দেওয়ার মতো একটি ব্যাপার। একজন রোগীকে পরিস্থিতি এবং ওই কষ্টের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে সাহায্য করার কাজ করেন তাঁরা। কানাডায় এ ধরনের চিকিৎসকদের ওপর চালানো এক জরিপে দেখা গেছে, ধারাবাহিকভাবে মৃত্যুকে সামনে থেকে দেখতে দেখতে তাঁদের দৃষ্টিভঙ্গিতে এক ধরনের ইতিবাচক প্রভাব পড়ে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে ক্যাপিটাল হসপিক নামের একটি মুমুর্ষূ রোগীদের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক স্ট্যাসি ইশাগ বলেন, তিনি সেখানে ১১ বছর ধরে কাজ করছেন। দীর্ঘ এই কর্মজীবনে তিনি ৪০০ মৃত্যু দেখেছেন। ইশাগ বলেন, ‘একসময় এভাবে মানুষকে মরতে দেখে খুব কষ্ট লাগত। কিন্তু এখন মনে হয়, এই অভিজ্ঞতা সম্ভবত আমার মৃত্যুভীতিকে সহজ করে দিয়েছে।’ এএফপি।