মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার গাদ্দাফির
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি মৃত্যুর আগ পর্যন্ত পশ্চিমা শক্তির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে গত মঙ্গলবার প্রচারিত এক অডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের কাছে একটি পথই খোলা আছে। আর তা হচ্ছে, মরি বা বাঁচি, আমরা লিবিয়াতেই অবস্থান করব।’এদিকে গতকাল বুধবারও লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ব্যাপক হামলা চালিয়েছে সামরিক জোট ন্যাটো। ত্রিপোলিতে গাদ্দাফির বাসভবন চত্বর বাব আল আজিজিয়ার কাছে গতকাল শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।অডিও বার্তায় গাদ্দাফি বলেন, ‘আমরা কখনোই আত্মসমর্পণ করব না। আমরা মাতৃভূমি ছেড়ে কোথাও যাব না এবং মাতৃভূমি বিক্রিও করব না।’ নয় মিনিটের ভাষণে লিবিয়ার নেতা গাদ্দাফি আরও বলেন, যেখানে বোমা হামলা চালানো হয়েছে, তিনি তার পাশেই ছিলেন। তিনি পশ্চিমা শক্তিকে প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রীয় টিভি গাদ্দাফির অডিও বক্তৃতা প্রচারের পর আদিবাসী নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের বেশ কিছু স্থিরচিত্র দেখানো হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়, গত মঙ্গলবার আদিবাসী নেতাদের সঙ্গে বৈঠক করেন গাদ্দাফি।ত্রিপোলিতে অবস্থানরত একজন সাংবাদিক জানান, বুধবার প্রথমে গাদ্দাফির বাসভবন চত্বর বাব আল আজিজিয়ার কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর আরও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণে ত্রিপোলি কেঁপে ওঠে।লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম জানান, গত মঙ্গলবার ন্যাটোর হামলায় অন্তত ৩১ জন নিহত হয়। এদিন ন্যাটোর বিমান অন্তত ৬০ বার ত্রিপোলিতে হামলা চালায়। তবে নিহত লোকজনের সংখ্যার বিষয়ে তাঁর দাবি নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। গতকালের হামলা সম্পর্কে লিবিয়ার পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ত্রিপোলির কেন্দ্রে পুলিশের গোপন সদর দপ্তর ও বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। বার্তা সংস্থা জানিয়েছে, ন্যাটো গতকাল রাত থেকে ত্রিপোলিতে হামলা জোরদার করেছে। ন্যাটোর যুদ্ধবিমানগুলো এক ঘণ্টার মধ্যে ত্রিপোলিতে কয়েকবার আঘাত হেনেছে।লিবিয়া অভিযানের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য ন্যাটোভুক্ত সদস্যরাষ্ট্রগুলোর গতকাল ব্রাসেলসে বৈঠক করার কথা।এদিকে ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘গাদ্দাফিকে অবশ্যই ক্ষমতা ছেড়ে দিতে হবে, এ ব্যাপারে আমরা একমত হয়েছি।’আয়শা গাদ্দাফির অভিযোগ: গাদ্দাফির মেয়ে আয়শা গাদ্দাফি ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা করেছেন। তিনি দাবি করেন, ন্যাটো জেনে-শুনেই বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে তাঁর মেয়েসহ পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়। আয়শার ফরাসি আইনজীবী মামলার কাগজপত্র ব্রাসেলসে আইনজীবীর কার্যালয়ে পেশ করেন।এই অভিযোগের কপি দেখে একটি বার্তা সংস্থা জানায়, গত ৩০ এপ্রিল ন্যাটো গাদ্দাফির বাসভবন চত্বর বাব আল আজিজিয়ায় যে হামলা চালায়, তার পরিপ্রেক্ষিতেই এই অভিযোগ তোলা হয়েছে। ওই হামলার পর লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছিলেন, হামলায় গাদ্দাফির ছোট ছেলে ও তিন নাতি-নাতনি নিহত হয়। এএফপি, রয়টার্স।