মৃত্যুর জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা মেঝেতে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন বয়োবৃদ্ধ এক নারী। লক্ষ্য টেবিলের ওপর থেকে ওষুধ নেওয়া। মেঝেতে নিশ্চল পড়ে আছেন অপর এক বৃদ্ধ। ক্ষুধা-তৃষ্ণায় চলার শক্তি পর্যন্ত হারিয়েছেন তিনি। তাঁদের সাহায্যে এগিয়ে আসার মতো কেউ নেই। সেখানে এখন নেই কোনো চিকিত্সক, নেই কোনো সেবিকা। এই করুণ দৃশ্য হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের একটি স্বাস্থ্যকেন্দ্রের।স্বাস্থ্যকেন্দ্রটির বাসিন্দা ৮৫ জন। পোর্ট অ প্রিন্সের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই সেবাকেন্দ্রের দূরত্ব সর্বোচ্চ এক মাইল। বিমানবন্দর দিয়ে আসছে বিপুল আন্তর্জাতিক ত্রাণ। অথচ তার মাত্র এক মাইল দূরের ওই স্বাস্থ্যকেন্দ্রের বাসিন্দারা খাদ্য, পানি ও ওষুধের জন্য হাহাকার করছেন।ভাঙা পা ও ভাঙা পাঁজরের যন্ত্রণায় আর্তনাদ করছিলেন মারি-এনজে লিভি (৬৯)। তাঁর করুণ আর্তি, ‘আমাদের সাহায্য করুন, সাহায্য করুন।’ ক্ষুধা-তৃষ্ণায় ইতিমধ্যেই অনেকে মারা গেছেন। স্বাস্থ্যকেন্দ্রের প্রশাসক জ্যাঁ এমানুয়েল বলেন, ‘শিগগিরই খাবার ও পানি পৌঁছানো না হলে আরও অনেকেই মারা যাবেন।’ শ্বাসকষ্টে ভুগছেন পাঁচ পুরুষ ও এক নারী। মৃত্যুর চিহ্ন ফুটে উঠেছে তাঁদের শরীরে। তাঁদের দেখার পর স্থানীয় প্রশাসক এমানুয়েল বলেন, ‘তাদের জন্য কিছু নিয়ে আসার জন্য আমি আবেদন জানাচ্ছি। সাহায্য না পৌঁছালে বাকি বাসিন্দারা হয়তো খুব বেশিক্ষণ বেঁচে থাকবেন না।’ এমানুয়েল এ কথা বলার কিছুক্ষণের মধ্যেই মারা যান এক বৃদ্ধা।খাবারের অভাবে গত বৃহস্পতিবার মারা গেছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ জোসেফ জুলিয়েন। ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। ভূমিকম্পে স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি আংশিক বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত ওই ভবন থেকে জুলিয়েনকে উদ্ধার করা হয়েছিল। ভূমিকম্প থেকে বেঁচে গেলেও পানি, খাবার ও ওষুধের অভাবে ধুঁকে ধুঁকে মারা গেলেন তিনি।জুলিয়েনের পচন ধরা মৃতদেহটি একটি মাদুরের ওপর ফেলে রাখা হয়েছে। তীব্র দুর্গন্ধে মৃতদেহের কাছে ঘেঁষা দায়। ভূমিকম্পে স্বাস্থ্যকেন্দ্রের ছয়জন বাসিন্দা মারা গেছেন। সেখানে এখন ২৫ জন পুরুষ এবং ৬০ জন নারী রয়েছেন। তাঁরা এখন আংশিক বিধ্বস্ত ভবনের বাইরে তাঁবু টানিয়ে অবস্থান করছেন। অনেকে ভাগ্যবান। শোয়ার জন্য এক টুকরা নোংরা মাদুর জোগাড় করতে পেরেছেন তাঁরা। অধিকাংশ বাসিন্দার ভাগ্যে ওই এক টুকরা নোংরা মাদুরও জোটেনি।মেডেলিন ডচরিচ (৭৫) নামে এক রোগি বলেন, স্বাস্থ্যকেন্দ্রের বাসিন্দাদের কয়েকজন নিজেদের অর্থ দিয়ে তিন প্যাকেট নাশতা কিনেছেন। গত বৃহস্পতিবার তা ভাগাভাগি করেছেন তাঁরা। ওটাই ছিল তাঁদের সর্বশেষ খাবার। অনেকে ভূমিকম্পের দিন থেকে না খেয়ে আছেন। এখন তাঁরা তৃষ্ণা মেটানোর জন্য পানি পর্যন্ত পাচ্ছেন না।ডচরিচ বলেন, স্বাস্থ্যকেন্দ্রের অনেক বাসিন্দাই ভূমিকম্পের পর থেকে ডায়াপার পরিবর্তন করতে পারেননি। এতে করে দেখা দিয়েছে নতুন ধরনের সমস্যা। ইঁদুর গিয়ে জ্বালাতন করছে তাঁদের।এমানুয়েল বলেন, বিদেশিরা যদি সাহায্য নিয়ে না আসেন, তাহলে নিজেদের মৃত্যুর হাতেই সঁপে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সূত্র: ওয়েবসাইট।