মৃত্যুর দ্বার থেকে পুনর্জন্ম কিশোরের

কয়েক সপ্তাহ ধরে ১৪ বছরের কিশোর জশুয়া অসবর্নের মস্তিষ্ক তরল পদার্থে ফেঁপে উঠছিল। সে চলে গিয়েছিল কোমায়। তার রোগনির্ণয়ে চলে নানা পরীক্ষা। কিন্তু কাঙ্ক্ষিত ফল মেলেনি। চিকিত্সক ও অভিভাবকেরা হতাশ হয়ে পড়েছিলেন।
এরই মধ্যে অসবর্নের সেরিব্রোস্পাইনালের তরল পদার্থ থেকে ডিএনএ সংগ্রহ করে নতুন প্রযুক্তির সহায়তায় পরীক্ষা চালান গবেষকেরা। ধরা পড়ে অজ্ঞাত ব্যাকটেরিয়া, যা তার এই অসুস্থতার কারণ। দাওয়াই হিসেবে চিকিত্সকেরা দিলেন উচ্চমাত্রার পেনিসিলিন। আর এতেই মৃতপ্রায় কিশোর সেরে উঠল, যা তার কাছে ঠিক পুনর্জন্মের মতো।
ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত বছর যুক্তরাষ্ট্রে বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে। ৪ জুন দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ তথ্যটি প্রকাশিত হয়েছে। নতুন এই আবিষ্কারকে রোগনির্ণয় বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আমেরিকান ফ্যামিলি চিলড্রেনস হাসপাতালে কোমায় ছিল অসবর্ন। উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসনে এ হাসপাতালটি অবস্থিত। দফায় দফায় পরীক্ষা করার পরও তাঁর রোগের কারণ খুঁজে পাওয়া যায়নি।
এরপর চিকিত্সকেরা অসবর্নের মা-বাবা জুলিয়া ও ক্লার্ককে জানান, নতুন প্রযুক্তির সাহায্যে পরীক্ষামূলকভাবে আরেকটি পরীক্ষা করতে চান তাঁরা। সেরিব্রোস্পাইনালের তরল পদার্থ থেকে ডিএনএ সংগ্রহ করে তা পরীক্ষা করতে আগ্রহী হন চিকিত্সকেরা।
অসবর্নের বাবা-মা রাজি হন। কিন্তু পরীক্ষার সফলতা নিয়ে তাঁরা ছিলেন সংশয়ে। কারণ এর আগে অনেক পরীক্ষাই ব্যর্থ হয়েছে। সবাইকে অবাক করে দিয়ে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে সান ফ্রানসিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তাঁদের প্রথম পরীক্ষায়ই অসবর্নের রোগ নির্ণয়ে সক্ষম হন। ধরা পড়ে, ওই কিশোর অজ্ঞাত এক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত। এরপর কয়েক দিনের মধ্যে ব্যাকটেরিয়া দূর করা সম্ভব হয়।
রোগের কারণ উদঘাটনে ডিএনএ পরীক্ষার সম্ভাব্যতা নিয়ে অনেক বছর ধরে কাজ করছিলেন বিজ্ঞানীরা। তবে এ পরীক্ষার প্রক্রিয়াটি এখনো বেশ ঝামেলাপূর্ণ।
অসবর্নের রোগনির্ণয়ে ডিএনএ ব্যবহারের সফলতাকে একটি বিরল ঘটনা হিসেবে অভিহিত করেছেন লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির টম স্লেজাক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একেবারে বিরাট এক কাহিনি, ব্যতিক্রমী বিশাল অর্জন!’
স্লেজাক ও অন্য বিশেষজ্ঞদের ভাষ্য, আরও গবেষণার মধ্য দিয়ে রোগনির্ণয়ে ডিএনএ কৌশল নিয়মিতভাবে ব্যবহারের অনুমতি পেতে কয়েক বছর লেগে যেতে পারে।
এই কৌশল চিকিত্সা বিজ্ঞানে অপরিমেয় সুবিধা বয়ে আনবে বলে মনে করছেন গবেষকেরা। কারণ, এটি গুরুতর অসুস্থ রোগীর দ্রুত রোগনির্ণয়ে সক্ষম হবে, অজ্ঞাত রোগের চিকিত্সায় কার্যকর ভূমিকা পালন করবে।
এক দশক ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ডিএনএর ভিত্তিতে রোগনির্ণয়ের সূত্র বের করতে চেষ্টা করে যাচ্ছেন। এদের মধ্যে প্রাণরসায়নবিদ জেসেফ দেরিসি অন্যতম। তিনি সার্স ভাইরাস নিয়ে কাজ করেছেন।
এ ছাড়া দেরিসের সঙ্গে রোগনির্ণয়-বিষয়ক প্রযুক্তি নিয়ে কাজ করেছেন রোগনির্ণয় বিশেষজ্ঞ চার্লসস চিউ।
গত বছরের জুলাইয়ে ডিরিসি ও চিউ তাঁদের আবিষ্কৃত কৌশল পরীক্ষা করার একটি সুযোগ পান। অসবর্ণের চিকিত্সক জেমস জার্ন এই দুজন গবেষককে ডিএনএর মাধ্যমে রোগনির্ণয়ের পরীক্ষায় অংশ নিতে আমন্ত্রণ জানান।
চিকিত্সক জার্নের অধীনে দীর্ঘদিন ধরে চিকিত্সাধীন ছিল অসবর্ন।
মাত্র দুই মাস বয়সে অসবর্নের ‘ইমিউন সিস্টেম ডিসঅর্ডার’ ধরা পড়ে। ২০১৩ সালের এপ্রিলে মাথাব্যথা ও জ্বরে আক্রান্ত হয় সে। তাকে হাসপাতালে ভর্তি করে সমস্যা নির্ণয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চলে। সব পরীক্ষারই নেতিবাচক ফল আসে। পরবর্তী দুই মাস অসবর্ন বাড়িতে অবস্থান করে। এই সময় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। জ্বর বাড়লে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।
২১ আগস্ট অসবর্নের সেরিব্রোস্পাইনালের তরল পদার্থ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার কাজ শুরু করেন জার্নের নেতৃত্বাধীন চিকিত্সকেরা। দুই দিনের মাথায় ফল মেলে। তার ডিএনএতে প্রাণঘাতী ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। ব্যাকটেরিয়াটি ‘লেপটোসপিরা’ নামে পরিচিত। এই ব্যাকটেরিয়া দূর করতে উচ্চমাত্রায় পেনিসিলিন দিয়ে অসবর্নের চিকিত্সা শুরু হয়। একসময় কোমায় থাকা ওই কিশোর প্রায় দুই সপ্তাহ পর হাঁটতে শুরু করে।
এ ঘটনায় উচ্ছ্বাসিত অসবর্ন এক সাক্ষাত্কারে বলে, ‘আমার আর দুশ্চিন্তা নেই। এটা পুনর্জন্মের মতোই।’