মৃত্যুরহস্য উদ্ঘাটনে আলেন্দের দেহাবশেষ উত্তোলন
মৃত্যুরহস্য উদ্ঘাটনের জন্য চিলির সাবেক প্রেসিডেন্ট সালভাদর আলেন্দের দেহাবশেষ গতকাল সোমবার কবর থেকে তোলা হয়েছে। সে দেশের কর্তৃপক্ষ আশা করছে, তাঁর দেহাবশেষের ফরেনসিক পরীক্ষার মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যাবে তিনি আত্মহত্যা করেছিলেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছিল।১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর সামরিক অভ্যুত্থানের সময় প্রেসিডেন্ট প্রাসাদ থেকে আলেন্দের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই অভ্যুত্থানের মধ্য দিয়ে জেনারেল অগুস্তো পিনোচেট চিলির ক্ষমতা দখল করেন। তখন প্রচার হয়েছিল, বিমান ও স্থলবাহিনী প্রাসাদ আক্রমণ করলে আলেন্দে রাইফেলের গুলিতে আত্মহত্যা করেন। আলেন্দের পরিবারের সদস্য ও সমর্থকদের দাবি, আলেন্দে আত্মহত্যা করেননি, তাঁকে হত্যা করা হয়েছিল।১৯৭৩-৯০ সাল পর্যন্ত পিনোচেটের স্বৈরশাসন চলাকালে বহু মানুষের মৃত্যুর ঘটনার কোনো তদন্ত হয়নি। চিলির সরকারি কৌঁসুলিরা গত জানুয়ারিতে তদন্তের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে গতকাল আলেন্দের দেহাবশেষ তোলা হয়। এএফপি।