যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের ৯৭ শতাংশই পড়াশোনা শেষে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে দেশটি ছেড়ে যান। বিদেশি শিক্ষার্থীদের দেশ ত্যাগ নিয়ে গত বৃহস্পতিবার ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা এক পরিসংখ্যানে এমন চিত্রই উঠে এসেছে।
অথচ প্রকৃত পরিসংখ্যান ছাড়াই প্রধানমন্ত্রী থেরেসা মের সরকার এত দিন দাবি করছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও প্রতিবছর লক্ষাধিক বিদেশি শিক্ষার্থী যুক্তরাজ্যে থেকে যান। প্রকাশিত ওই পরিসংখ্যান সরকারের এ দাবিকে প্রায় পুরোপুরি ভুল প্রমাণ করল।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত গত এক বছরে যে ৩ শতাংশ শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গেছেন, তাঁরা সংখ্যায় মাত্র ৩ হাজার ৩০০-এর মতো। এই এক বছরে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া মোট ১ লাখ ৮১ হাজার ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৩১৭ জন শিক্ষার্থী (৯৭.৪%) যুক্তরাজ্য ছেড়ে গেছেন।
যুক্তরাজ্য দেশটি ছেড়ে যাওয়া লোকদের প্রকৃত কোনো হিসাব রাখত না। জাতীয় পরিসংখ্যান সংস্থা বিদেশি যাত্রীদের ওপর জরিপের ভিত্তিতে অভিবাসনের একটি সার্বিক হিসাব প্রকাশ করত। এ হিসাব নিয়ে বিতর্কের জের ধরে ২০১৫ সালে যুক্তরাজ্য যাত্রী বহির্গমনের প্রকৃত হিসাব (এক্সিট চেক) চালু করে। এরপর এবারই প্রথম এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারের ধারণা গুরুতর ভুল প্রমাণ হওয়ার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রভাব সম্পর্কে প্রকৃত ধারণা পেয়ে অভিবাসন পরামর্শ কমিটিকে একটি প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছেন।