মেইনে জিতে ঘুরে দাঁড়িয়েছেন রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়টা খুবই দরকার ছিল। রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাথমিক বাছাইয়ে মেইন অঙ্গরাজ্যে জিতে ঘুরে দাঁড়ালেন মিট রমনি। এই জয়ের মধ্য দিয়ে রিপাবলিকান দলের টিকিট পাওয়ার দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি। রমনি ৩৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। ৩৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন আরেক রক্ষণশীল নেতা রন পল। গত মঙ্গলবার তিনটি অঙ্গরাজ্যের প্রাথমিক বাছাইয়ে রিক স্যান্টোরামের জয়ে পিছিয়ে পড়েছিলেন রমনি।রিপাবলিকান দলের চতুর্থ প্রার্থী নিউট গিংরিচ মেইনে নির্বাচন করেননি। তাই প্রাথমিক বাছাইয়ের প্রায় মধ্যবর্তী পর্যায়ে এসে স্যান্টোরামই রমনির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।মেইনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিপ্রেক্ষিতে রন পল তাঁর সমর্থকদের উদ্দেশে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মেইনের ফলাফল হয়েছে ‘কার্যত সমানে সমান’।এ জয়ের মধ্য দিয়ে রমনি এগিয়ে গেলেও তাঁর সামনে শঙ্কা রয়েই গেছে। বিশেষ করে, অ্যারিজোনা ও মিশিগানে তাঁকে ভালো করতেই হবে। চলতি মাসের শেষের দিকে এ দুই অঙ্গরাজ্যে বাছাই অনুষ্ঠিত হবে।২০০৮ সালেও মেইনে জিতেছিলেন রমনি। কিন্তু ম্যাসাচুসেটসের সাবেক এই গভর্নর গত নির্বাচনে শেষ পর্যন্ত দলীয় টিকিট পাননি। এএফপি ও বিবিসি।