মেক্সিকোতে পুলিশ বাহিনীর সংস্কারে পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। ৪৩ ছাত্র নিখোঁজের ঘটনায় দেশের পুলিশ বাহিনী ব্যাপকভাবে সমালোচিত হওয়াতে এ উদ্যোগ নিলেন তিনি। খবর এএফপির।
টেলিভিশনে প্রচারিত বক্তৃতায় প্রেসিডেন্ট নিয়েতো বলেন, ‘মেক্সিকোকে অবশ্যই বদলাতে হবে।’ তিনি পুলিশ বাহিনীর জন্য ধারাবাহিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচির আওতায় দেশটির এক হাজার ৮০০ পৌরসভার অধীন পুলিশ বাহিনীর স্থানে কেন্দ্রীয় পুলিশ মোতায়েন করা, জরুরি টেলিসেবা চালু, নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়া, ছাত্র নিখোঁজের রাজ্য গেরেরোসহ বিভিন্ন স্থানে আরও বেশি কেন্দ্রীয় পুলিশ মোতায়েন ইত্যাদি।
একসঙ্গে ৪৩ ছাত্র নিখোঁজের ঘটনায় গত দুই মাসেরও বেশি সময় থেকে দফায় দফায় বিক্ষোভ চলছে মেক্সিকোতে। অভিযোগ রয়েছে, ইগুআলা শহরের মেয়র লুইস আবারকার নির্দেশে পুলিশ ওই ছাত্রদের ওপর চড়াও হয়।
সরকারি কর্মকর্তারা বলছেন, তাঁদের আশঙ্কা, মাদক ব্যবসায়ীরা ওই ছাত্রদের হত্যা করেছে। সম্প্রতি একটি মাদক অপরাধী গোষ্ঠীর গ্রেপ্তার হওয়া কয়েকজন সদস্য জানায়, ওই ছাত্রদের গ্রেপ্তারের পর সন্ত্রাসীদের হাতে তুলে দেয় কিছুসংখ্যক অসাধু পুলিশ কর্মকর্তা। সন্ত্রাসীরা পরে ছাত্রদের হত্যা করে লাশগুলো পুড়িয়ে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়।