মেক্সিকোতে হামলাকারী ৮ বন্দুকধারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর সান ফার্নান্দো শহরে গতকাল সোমবার টহল পুলিশের ওপর হামলা চালিয়েছিল একদল বন্দুকধারী। পুলিশের পাল্টা হামলায় আট হামলাকারী নিহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে উচ্চক্ষমতাসম্পন্ন ছয়টি রাইফেল ও গ্রেনেড লঞ্চার উদ্ধার করা হয়।

গতকাল শহরের একটি সড়কে টহল পুলিশের ওপর হামলা চালিয়েছিল এই দুর্বৃত্তরা।

আঞ্চলিক নিরাপত্তা টাস্ক ফোর্স এক বিবৃতিতে জানায়, গোলযোগপূর্ণ স্টেট তামরিলোপেসের সান ফার্নান্দো শহরের রাস্তায় কয়েকজন পুলিশ কর্মকর্তা টহল দিচ্ছিলেন। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা দুটি পিকআপে করে এসে তাঁদের ওপর গুলি ছোড়ে।

তামরিলোপেস কো-অর্ডিনেশন গ্রুপ এক বিজ্ঞপ্তিতে বলেন, আত্মরক্ষার্থে ফেডারেল পুলিশ গুলি ছোড়ে। এতে আট হামলাকারী নিহত হয়। হামলাকারীদের গুলিতে পুলিশের গাড়িটির কয়েক জায়গায় ছিদ্র হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তবর্তী স্টেট এই তামরিলোপেস।

গত রোববার মেক্সিকোর পুয়েবলা স্টেটের এক্যাটজিঙ্গো শহরে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিবর্ষণে দুই ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছে। একটি অপেশাদার বেসবল টুর্নামেন্ট চলাকালে বন্দুকধারীরা খেলোয়াড় ও দর্শকদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

আর গত শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইট ক্লাবে এক বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হন। আহত হন আরও ৫৩ জন।