মেক্সিকোয় নিখোঁজ এক শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত
মেক্সিকোর নিখোঁজ ৪৩ জন শিক্ষার্থীর মধ্যে অন্তত একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁর নাম আলেক্সান্দার মোরা। দেহাবশেষ পরীক্ষা করা ফরেনসিক বিশেষজ্ঞদের ঘনিষ্ঠ একটি সূত্র গত শনিবার এ কথা জানিয়েছে। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনেরা রাজধানী মেক্সিকো সিটিতে শনিবার এক সমাবেশে অংশ নেন। ফেলিপে দে লা ক্রুজ নামের এক অভিভাবক বলেন, ‘আমাদের একটি ছেলের ডিএনএ শনাক্ত করলেই আমরা বসে থাকব এবং কাঁদব বলে মনে করলে সরকার ভুল করবে। বাকি ৪২ জনের খোঁজ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
৪৩ জন শিক্ষার্থীকে গেরেরো রাজ্যের ইগুয়ালা শহর থেকে গত সেপ্টেম্বরে অপহরণ করা হয়েছিল। স্থানীয় পুলিশ তাঁদের ধরে নিয়ে একটি অপরাধী চক্রের হাতে তুলে দেয় বলে অভিযোগ রয়েছে। এরপর দুর্বৃত্তরা সবাইকে হত্যা করে লাশ পুড়িয়ে দেহাবশেষ নদীতে ছড়িয়ে দেয় বলে ধারণা করা হয়। এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ সামাল দিতে দেশটির সরকার বেশ চাপের মুখে পড়েছে।