মেক্সিকোয় ৪৩ শিক্ষার্থীকে হত্যার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর একটি সংঘবদ্ধ অপরাধী দল সম্প্রতি নিখোঁজ ৪৩ জন শিক্ষার্থীকে হত্যার অভিযোগ স্বীকার করেছে। তারা বলেছে, লাশগুলো আগুনে পুড়িয়ে দেহাবশেষ নদীতে ফেলে দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল হেসুস মুরিয়ো কারাম এ কথা জানিয়েছেন। খবর এএফপি ও বিবিসির।
ছয় সপ্তাহ আগে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ওই শিক্ষার্থীরা নিখোঁজ হয়। ঘটনাটি নিয়ে মেক্সিকোয় শোক এবং ক্ষোভ বিরাজ করছিল। জনসাধারণের ক্ষোভের কারণে প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সরকার সাম্প্রতিককালের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। প্রেসিডেন্ট নিয়েতো ওই ‘ভয়ংকর অপরাধে’ জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হবে বলে গত শুক্রবার অঙ্গীকার করেন।
শিক্ষার্থীদের হত্যায় জড়িত সন্দেহে মাদক চোরাচালানকারী চক্র গেরেরস উনিদোসের বেশ কয়েকজন সদস্যকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত মোট ৭০ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল মুরিয়ো কারাম বলেন, সন্দেহভাজন অপরাধী দলের তিন সদস্য দাবি করেছে, পুলিশই তাঁদের কাছে ওই শিক্ষার্থীদের তুলে দিয়েছিল। শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে কয়েকজন ইতিমধ্যেই মারা গিয়েছিল। বাকিদের গুলি করে হত্যা করা হয়। পরে সবগুলো মরদেহ আগুন দিয়ে ১৪ ঘণ্টা ধরে পোড়ানো হয়।