মেক্সিকো ও ফিলিপাইনে কারাগারে সহিংসতায় নিহত ৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো ও ফিলিপাইনের দুটি কারাগারে সহিংস ঘটনায় ৪৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।গত রোববার মেক্সিকোর উত্তরাঞ্চলের মনটেরি শহরের অ্যাপোডাকা কারাগারে আটক মাদক চোরাচালানকারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪৪ বন্দী নিহত হয়েছেন। ফিলিপাইনের উত্তর কোটাবাটো প্রদেশের কিডাপাওয়ান শহরের একটি কারাগারে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে রেডক্রসের একজন কর্মীও রয়েছেন।মেক্সিকোর নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জর্জ ডোমিনি বলেন, মাদক চোরাচালানের দুই পক্ষ গালফ ও জ্যাটাসের মধ্যে এ সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্রে মাদক পাচারে পথের নিয়ন্ত্রণ নিয়ে এই দুই পক্ষ নিজেদের মধ্যে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়। কারাগারের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তা পরিচালককে আটক করা হয়েছে বলে তিনি জানান।ফিলিপাইনের পুলিশ জানায়, কিডাপাওয়ান শহরের কারাগারে গত রোববার গভীর রাতে প্রায় ৫০ জন বন্দুকধারী হামলা চালায়। তারা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একের পর এক গ্রেনেড ছুড়ে মারে। পুলিশও পাল্টা গুলি করে।পুলিশ বলেছে, কারাগারে আটক বিদ্রোহী গোষ্ঠী মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) এক নেতাকে মুক্ত করতেই এ হামলা। তবে এমআইএলএফ পুলিশের এ বক্তব্য অস্বীকার করেছে। বিবিসি।