মেক্সিকোতে গ্যাস বিস্ফোরণ ও গুলিতে ১৪ জনের মৃত্যু
মেক্সিকোতে গত রোববার একটি রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণ ও আরেকটি স্থানে পৃথক গুলির ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। রেস্তোরাঁয় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কানাডার পাঁচজন পর্যটক রয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মেক্সিকোর কুইন্তানা রু প্রদেশের অ্যাটর্নি জেনারেল ফ্রান্সিসকো অ্যালর কুয়েজাদা জানান, সাগরের তীরবর্তী পর্যটনকেন্দ্র প্লায়া দেল কারমেনে ‘গ্র্যান্ড রিভেরা প্রিন্সেস’ নামের একটি হোটেলের ভেতরে অবস্থিত রেস্তোরাঁয় ওই গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন কানাডীয় পর্যটক ও দুইজন রেস্তোরাঁকর্মীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে একজন শিশুও রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ১৭ জন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজন কানাডীয় ও দুজন মার্কিনি রয়েছেন। কানাডীয় দুই নাগরিকের অবস্থা আশঙ্কাজনক।মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের কর্মকর্তারা জানান, শহরের একটি বারে গত রোববার বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালিয়েছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত ও নয় ব্যক্তি আহত হয়েছে। আহত ব্যক্তিদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথক একটি ঘটনায় বন্দুকধারীরা সিউদাদ জুয়ারেজের রাজধানী চিহুয়াহুয়ার কারাগারের পরিচালক ও তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেছে। এএফপি।