মেক্সিকোতে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৬টি গাড়ি, নিহত ১৯

ঘটনাস্থলে কাজ করছে জরুরি উদ্ধারকারী দলছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর একটি মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় ৬টি গাড়ি দুমড়েমুচড়ে গিয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। স্থানীয় সময় শনিবার দুপুরে মেক্সিকো সিটিকে পুয়েবলা শহরের সঙ্গে সংযোগকারী মহাসড়কে একটি টোল বুথে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বুথের ওপর আছড়ে পড়ে এবং গাড়িগুলোকে ঠেলতে থাকে। ধাক্কা লেগে ওই গাড়িগুলোর কয়েকটিতে আগুন ধরে যায়।

এএফপির খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে প্রাদেশিক সড়ক কর্তৃপক্ষ (সিএপিইউএফই) জানিয়েছে, টোল বুথ পার হওয়ার সময় ট্রাকটি ছয়টি গাড়িকে ধাক্কা দিয়ে নিয়ে যায়। এতে ১৯ জন নিহত ও ৩ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলোকে সরাতে কাজ করছে সিএপিইউএফই। দুর্ঘটনার পর থেকে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে।
১১০ কিলোমিটার দীর্ঘ ওই মহাসড়কে অনেক পণ্যবাহী ট্রাক চলাচল করে থাকে।