মেক্সিকোতে শিশুদের সঙ্গে নাচলেন মিশেল ওবামা
মেক্সিকো সফররত মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা গত বুধবার মেক্সিকোর ফার্স্ট লেডি মার্গারিটা জাভালার সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া এদিন তিনি স্কুলের শিশুদের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ করেন এবং একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেন। ফার্স্ট লেডি হিসেবে স্বামী বারাক ওবামাকে ছাড়াই দেশের বাইরে এটা মিশেলের প্রথম সফর। মেক্সিকোর সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তিনি এ সফরে গেছেন।মেক্সিকো সিটিতে আইবেরো-আমেরিকান ইউনিভার্সিটিতে বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশে মিশেল বলেন, ‘এখানে আসার পর থেকে আমার মনে হচ্ছে চারপাশে সবাই আমার বন্ধু।’ তিনি আরও বলেন, ‘আপনারা নিজেরা যা বিশ্বাস করেন তা অবশ্যই করতে পারেন।’এর পর মিশেল ওবামা ইউএস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে তিনি শিশুদের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ করেন।এর আগে মিশেল মেক্সিকোর ফার্স্ট লেডি মার্গারিটা জাভালার সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্ট প্রাসাদ লস পিনোসে ওই বৈঠকে তাঁরা মাদকাসক্ত অভিবাসী ও তরুণদের চিকিৎসার বিষয়ে আলোচনা করেন। এর পর মিশেল প্রেসিডেন্ট প্রাসাদে এক নৈশভোজে অংশ নেন।দুই দেশের সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে মেক্সিকোর প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী আগামী মাসে হোয়াইট হাউসে একটি নৈশভোজে যোগ দেবেন এবং প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরন মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। এএফপি।