মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অ্যালেক্স
মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অ্যালেক্স। এর প্রভাবে এ অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। এ কারণে ব্যাহত হচ্ছে মেক্সিকো উপসাগরে ছড়িয়ে পড়া তেল অপসারণের কাজ। মিয়ামিভিত্তিক জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, ক্যাটাগরি দুইয়ে রূপ নেওয়া ঘূর্ণিঝড় অ্যালেক্স গত বুধবার রাতে মেক্সিকোর উত্তরে লা পেসকা উপকূলে আঘাত হানে। তখন এর গতিবেগ ছিল ঘণ্টায় ৫৬ কিলোমিটার। বৃহস্পতিবার এটি আরও শক্তি সঞ্চয় করে। এদিন এটি ১৪০ কিলোমিটার বেগে প্রবাহিত হয়। তবে এনএইচসি বলেছে, ঘূর্ণিঝড় অ্যালেক্স এখন ক্রমশ দুর্বল হতে শুরু করেছে। মেক্সিকোর পশ্চিমাঞ্চল দিয়ে অতিক্রম করার সময় এটি আরও দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা ও ফ্লোরিডার উপকূলীয় এলাকায় তেল অপসারণের কাজ বাধার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেক্সাসে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানে কেন্দ্রীয়ভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য তিনি অনুরোধ করেছেন। মেক্সিকান কর্মকর্তারা ঘূর্ণিঝড় অ্যালেক্সের প্রভাবে সে দেশে হতাহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। তবে সপ্তাহের গোড়ার দিকে ঘূর্ণিঝড়ের প্রথম ভাগে দেশটির দক্ষিণাঞ্চলে একজন মারা গেছে বলে তাঁরা জানান। এ ছাড়া নিকারাগুয়া, গুয়াতেমালা ও এল সালভাদরের ওপর দিয়ে অতিক্রমের সময় অ্যালেক্সের প্রভাবে অন্তত আরও ১০ জন মারা যায়। মেক্সিকোর নৌবাহিনী তাদের দুই হাজার নাবিককে উপকূলীয় ঘাঁটিতে ফিরিয়ে এনেছে। নিরাপত্তার কারণে উপকূলীয় এলাকা থেকে ১৭ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় লোকজন জানান, টেক্সাসের ব্রাউন্সভিলির সীমান্তবর্তী মেক্সিকোর ম্যাটামোরোসের অর্ধেক এলাকা ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে। এতে সেখানকার টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। কয়েকটি গাড়ি দুর্ঘটনার খবরও পাওয়া গেছে। এএফপি।