মেক্সিকোর তেল সংস্থার ভবনে বিস্ফোরণ নিহত ২৫
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অবস্থিত সে দেশের রাষ্ট্রীয় তেল সংস্থা পেমেক্সের সদর দপ্তরে গত বৃহস্পতিবার বিকেলে শক্তিশালী বিস্ফোরণে ২৫ ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০০ জন। তা ছাড়া এখনো অনেকে ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে আটকা পড়ে আছে। জীবিত ব্যক্তিদের উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছেন অন্তত ৫০০ উদ্ধারকর্মী।আটকে পড়া লোকজনের স্বজনেরা সদর দপ্তরের বাইরে ভিড় করেছে। অনেকে মুঠোফোনের সাহায্যে আটকে পড়া স্বজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে বলে পেমেক্স জানিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, গ্যাস বয়লার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আর প্রত্যক্ষদর্শীরা বলছেন, পার্শ্ববর্তী একটি ভবন থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।মেক্সিকো সিটির ব্যস্ততম এলাকায় অবস্থিত ভবনটি পুলিশ ঘিরে রেখেছে। উদ্ধারকর্মী ভ্যাজকুয়েজ গার্সিয়া বলেন, ক্ষতিগ্রস্ত ভবনে তল্লাশিকাজে প্রচণ্ড ঝুঁকি রয়েছে।শোকে বিহ্বল আনা ভারগাস পালাসিও নামের এক স্বজন বলেন, তাঁর স্বামী ওই ভবনে কাজ করেন। বিস্ফোরণের দুই ঘণ্টা আগেও স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন তিনি। ভারগাস বলেন, ‘ঘটনার পর আমি অনেকবার ফোন করেছি। কিন্তু এক যুবক ফোনটি ধরে বলেছে, ধ্বংসাবশেষের মধ্যে ফোনটি সে পেয়েছে।’ ভারগাসের মতো অনেকেই নিখোঁজ স্বজনের সন্ধানে ঘটনাস্থলের পাশে ভিড় জমান।দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো ও মেক্সিকো সিটির মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল ম্যানসেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা জানান, আহত ব্যক্তিদের সাহায্যে নগর কর্তৃপক্ষের পাশাপাশি পেমেক্সের উদ্ধারকর্মী ও নিরাপত্তাকর্মীরাও কাজ করছেন। বিবিসি ও রয়টার্স।