মেক্সিকোয় ফুলে-সংগীতে গাবোকে শেষ বিদায়

বিশ্বনন্দিত কলম্বিয়ার নোবেলজয়ী ‘অমর’ সাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে গত সোমবার শেষ বিদায় জানিয়েছে মেক্সিকো। সাহিত্যের এই মহানায়কের দেহাবশেষ এদিন মেক্সিকো সিটির ফাইন আর্টস প্যালেসের বাইরে রাখা হলে হাজার হাজার ভক্ত-অনুরাগী তাঁকে শেষ শ্রদ্ধা জানায়।
প্যালেসের বাইরে কফি রঙের বক্সে মার্কেসের দেহভষ্ম রাখা হয়। তার চারপাশে সাজিয়ে রাখা হয় হলুদ রঙের গোলাপ ফুল, যা তাঁর খুবই প্রিয় ছিল। আর শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে বাজানো হয় তাঁর পছন্দের ধ্রুপদি সংগীত। এ জন্য নির্বাচন করা হয় মার্কেসের প্রিয় গীতিকার জোসেফ হাইডেন, জর্জ হ্যান্ডেল ও বেলা বার্টকের লেখা গানগুলো।
গ্রিনিচ মান সময় সোমবার রাত নয়টায় শেষকৃত্য শুরু হয়। অনুষ্ঠানস্থলে মার্কেসের স্ত্রীর মার্সিদেস বারসা এবং দুই ছেলে রদ্রিগো ও গঞ্জালো আসার সঙ্গে সঙ্গে অন্য অতিথিরা সম্মানসূচক করতালি দিয়ে তাঁদের স্বাগত জানান।
অতিথিদের মধ্যে ছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস ও মেক্সিকোর নেতা এনরিক পেনা নিয়েতো। মার্কেসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর দুজন বক্তৃতা করেন।
১৯৮২ সালের যে দিনে মার্কেস সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেদিনের কথা স্মরণ করে প্রেসিডেন্ট সান্তোস বলেন, ‘আমরা আজ এমন একজনের প্রতি শেষশ্রদ্ধা জানাতে এসেছি, যিনি ১৯৮২ সালের ডিসেম্বরে হিমশীতল স্টকহোম থেকে পুরো বিশ্বকে স্পর্শ করেছিলেন। লাতিন আমেরিকার নিঃসঙ্গতার কথা বলে তিনি সেটা করতে পেরেছিলেন।’ মার্কেসকে ‘লাতিন আমেরিকার সর্বকালের সেরা ঔপন্যাসিক’ আখ্যায়িত করে মেক্সিকোর প্রেসিডেন্ট নিয়েতো বলেন, ‘আমরা মেক্সিকানরা তাঁকে ভালোবাসি এবং সব সময় ভালোবাসব।’ ‘
গাবো’ নামে পরিচিত মার্কেস ৮১ বছর বয়সে গত বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে মারা যান। এএফপি।