মেক্সিকোয় মার্কিন দূতাবাসের গাড়িতে গুলি, আহত ৩
মেক্সিকোর দক্ষিণাঞ্চলের মোরেলেস রাজ্যে গত শুক্রবার অপরাধীদের ধাওয়া করার সময় মার্কিন দূতাবাসের একটি গাড়িতে পুলিশের গুলিবর্ষণে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন দূতাবাসের কর্মী এবং অপরজন মেক্সিকো নৌবাহিনীর ক্যাপ্টেন। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সরকার পৃথক বিবৃতিতে জানায়, দূতাবাসের আহত দুই কর্মীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল। মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, দূতাবাসের একটি গাড়িতে ‘একদল লোক আকস্মিক হামলা’ চালায়। মেক্সিকো সরকার অবশ্য দূতাবাসের গাড়িতে ফেডারেল পুলিশের গুলিবর্ষণের কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় জড়িত কর্মকর্তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে। মেক্সিকো অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ফেডারেল পুলিশের ১২ এজেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।মেক্সিকো সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, ট্রেস মারিয়াস-হুইতজিলাক মহাসড়কে ফেডারেল পুলিশ সদস্যরা মার্কিন দূতাবাসের গাড়ি লক্ষ করে ওই গুলি চালায়। এএফপি।