মেট্রোতে চেপে শপথ নিতে যাবেন কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল।
অরবিন্দ কেজরিওয়াল।

গাড়িতে নয়, সাধারণ মানুষের মতো মেট্রোরেলে চড়ে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাবেন অরবিন্দ কেজরিওয়াল। আজ শনিবার দিল্লির রামলীলা ময়দানে ‘জনতার একজন’ হিসেবে শপথ নেবেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজের।
দিল্লিতে জয়ের পর থেকে ভারতের রাজনীতিতে একের পর এক চমক দেখাচ্ছেন আম আদমি পার্টির (এএপি) এই নেতা। এর আগে সরকারি বাড়ি ও পুলিশের বিশেষ নিরাপত্তা নিতে অস্বীকার করে সবার মনোযোগ কাড়েন তিনি। এবার বললেন, গাড়িতে নয়, মেট্রোরেলে চড়ে শপথ নিতে যাবেন।
খবরে বলা হয়েছে, আজ শনিবার দিল্লির রামলীলা ময়দানে কেজরিওয়াল ও তাঁর মন্ত্রিসভার ছয় সদস্য কেউই গাড়িতে চড়ে শপথ নিতে যাবেন না, যাবেন মেট্রোরেলে চেপে। তাঁদের পরিবারের সদস্যদের আসনও হবে সাধারণ দর্শকের কাতারে। শপথগ্রহণ অনুষ্ঠানে আম আদমি পার্টি থেকে কোনো ভিভিআইপি অতিথিও থাকছেন না বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
তবে হঠাৎ করে গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরকারি বিভিন্ন নথিপত্র ‘হারানো’র খবর প্রকাশ নিয়ে কিছুটা বিপাকে পড়েই কাজ শুরু করতে হবে দিল্লির ১৭তম মুখ্যমন্ত্রীকে। তিনি বলেছেন, সরকারের নথিপত্র রক্ষার দায়িত্ব দিল্লির মুখ্যসচিবের।

এদিকে গতকাল শুক্রবার সকাল থেকে কেজরিওয়াল দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের অভিযোগ শুনেছেন।