আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনেমকে (৮২) সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ক্ষমতায় থাকাকালে ক্রোয়েশিয়া ও ইকুয়েডরে বিপুল পরিমাণ অস্ত্র পাচারে প্ররোচনা দেওয়ার অপরাধে তাঁকে গত বৃহস্পতিবার একটি ট্রাইব্যুনাল এই সাজা দেন। মেনেম বর্তমানে সিনেটর হওয়ায় দায়মুক্তির সুবিধা ভোগ করছেন। তিনি ১৯৮৯-১৯৯৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। এএফপি।
কারখানায় বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে গতকাল শুক্রবার একটি রাসায়নিক দ্রব্যের কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত একজন নিহত ও ৭০ জন আহত হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় ব্যাটন রুজ শহরের দক্ষিণে অবস্থিত গাইসমারে উইলিয়ামস ওলেফিন্স কারখানায় এ ঘটনা ঘটে। কারখানাটিতে পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহূত দাহ্য গ্যাস উৎপাদন করা হয়। বিবিসি।
মামলার সুপারিশ
তাইওয়ানের এক জেলেকে গুলি করে হত্যার ঘটনায় ফিলিপাইনের কোস্টগার্ডের এক কর্মকর্তার বিরুদ্ধে অপরাধ ও প্রশাসনিক অভিযোগ আনার সুপারিশ করা হয়েছে। ফিলিপাইনের জাতীয় তদন্ত ব্যুরো (এনবিআই) এ সুপারিশ করে। এ ঘটনা নিয়ে দুই দেশের সম্পর্কে চরম তিক্ততা সৃষ্টি হয়েছিল। এএফপি।