মেয়াদ শেষে দল পুনর্গঠনে নামবেন জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ আলী জারদারি
আসিফ আলী জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আসিফ আলী জারদারির পাঁচ বছরের মেয়াদ আগামী ৮ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এরপর তিনি নিজের দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পুনর্গঠনে মনোযোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে পাঞ্জাবে পিপিপির শক্ত অবস্থান ফিরিয়ে আনাই হচ্ছে তাঁর মূল লক্ষ্য।
পিপিপির নেতারা জানিয়েছেন, জারদারি পাঞ্জাবে দলের অবস্থান গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। সেখানকার দলীয় ত্রুটিবিচ্যুতি দূর করতে তিনি তাঁর অতীত ও বর্তমান অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবেন।
প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ও পিপিপির সিনেটর ফরহাতউল্লাহ বাবর বলেন, প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর পর জারদারি সপ্তাহ খানেক লাহোরে অবস্থান করে সেখানকার পরিস্থিতি মূল্যায়ন করবেন। তিনি বলেন, জারদারি দলকে আরও সময় দেবেন এবং দলের প্রতি মনোযোগী হবেন। এই লক্ষ্যে তিনি বেশির ভাগ সময়ই লাহোর ও করাচিতে কাটাবেন।
রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পর জারদারি দুবাই ও লন্ডনে বেশির ভাগ সময় অবস্থান করতে পারেন বলে যে ধারণা করা হচ্ছে, তা উড়িয়ে দিয়েছেন বাবর। তিনি বলেন, দায়িত্ব হস্তান্তরের পর জারদারি লাহোরে অবস্থান করে দলীয় নেতা-কর্মীদের সময় দেবেন। দল পুনর্গঠন নিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন। আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি হিসেবেই এসব কর্মকাণ্ড পরিচালিত হবে।
সূত্র জানায়, পিপিপির পাঞ্জাবপ্রধান লতিফ খোসা গত রোববার বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর প্রদেশে দলীয় অবস্থান সম্পর্কে অবহিত করেন।
গত ১১ মে মাসের সাধারণ নির্বাচনে পাঞ্জাবে ভরাডুবি হয় আগের কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় থাকা পিপিপির। দলের এই বিপর্যয়ের জন্য পিপিপির পাঞ্জাবের নেতারা প্রেসিডেন্ট জারদারিকেই দায়ী করছেন। তাঁরা বলেন, জারদারির কিছু ‘অপরিণামদর্শী সিদ্ধান্ত’ দলের বিপক্ষে গেছে। বিশেষ করে মনজুর ওয়াট্টুকে পিপিপির প্রাদেশিক প্রধান নির্বাচিত করাটা ছিল মারাত্মক ভুল। ২০১২ সালের অক্টোবরে পিপিপির পাঞ্জাবপ্রধান
হিসেবে নিয়োগ পান মনজুর। কিন্তু তাঁর আমলে পাঞ্জাবের আসনগুলোতে পরাজয় ঘটে পিপিপির। অথচ ২০০৮ সালের নির্বাচনেও পাঞ্জাবে পিপিপির জয়জয়কার অবস্থা ছিল। ডন।