মের আত্মঘাতী গোলে অনিশ্চয়তায় যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন পাওয়ার সুবাদে কনজারভেটিভ পার্টি ব্রিটেনে সংখ্যালঘু সরকার গঠনের কথা ঘোষণা করেছে। বিরোধীদের দুর্বলতা এবং নিজেদের সুবিধা বুঝে প্রধানমন্ত্রী থেরেসা মে বৃহত্তর জনসমর্থনের আশায় আগাম নির্বাচন দিয়ে নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন।

ইংল্যান্ডের সেরা ফুটবলারদের একজন গ্যারি লিনেকারের টুইটের ভাষায় এটি হচ্ছে থেরেসার আত্মঘাতী গোল। দৃঢ় নেতৃত্ব এবং স্থিতিশীল সরকারের বদলে ব্রিটেনের ভাগ্যে জুটেছে প্রায় সাড়ে চার দশকের মধ্যে সবচেয়ে দুর্বল নেতৃত্ব এবং অনিশ্চিত ভবিষ্যৎ।

 অন্যদিকে রাজনীতিবিমুখ বলে পরিচিত তরুণেরা রেকর্ড সংখ্যায় ভোটকেন্দ্রে হাজির হয়ে দেশটির রাজনীতি ও অর্থনীতির গতিমুখকে পরিবর্তনের ধারায় ঘুরিয়ে দিয়েছে। আভিজাত্যের রাজনীতিতে প্রায় অচ্ছুত এবং নজিরবিহীন প্রতিকূলতার মধ্যে টিকে থাকা রাজনীতিক জেরেমি করবিন লেবার পার্টির ভাগ্য ফিরিয়েছেন। বিশেষজ্ঞরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো নেতা কোনো দলের পক্ষে আগেরটির তুলনায় পরের নির্বাচনে জাতীয় পর্যায়ে ভোটের হার ১০ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছেন। ফলে ২০ বছর পর এই প্রথম লেবার পার্টির ভোটের পরিমাণ ৪০ শতাংশে পৌঁছেছে। থেরেসা মে চেয়েছিলেন তাঁর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে, কিন্তু উল্টো ক্ষমতায়িত হয়েছেন বিরোধী নেতা জেরেমি করবিন। লেবার পার্টিতে তাঁর নেতৃত্ব অনেকটাই সংহত হয়েছে, আর থেরেসা মের নেতৃত্ব এতটাই নড়বড়ে হয়ে পড়েছে যে অনেকেই তাঁর বিদায়ঘণ্টা শুনতে পাচ্ছেন।

 ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ বা ব্রেক্সিট বিতর্কে মাত্র এক বছরের মধ্যে দ্বিতীয় আরেকজন প্রধানমন্ত্রীরও বিদায়ঘণ্টা বেজে উঠেছে। এর আগে গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসায় বিদায় নিতে হয়েছিল ডেভিড ক্যামেরনকে। সে সময়েও ক্যামেরন নিজের বিপদ ডেকে এনেছিলেন। ব্রেক্সিটের বিচ্ছেদের লেনদেন নিষ্পত্তির আলোচনা শুরু হওয়ার কথা ঠিক ১০ দিন পর, ১৯ জুন। ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে দর-কষাকষির জন্য নিজের কবজিতে যতটা শক্তি যোগ করতে চেয়েছিলেন মে, ঠিক ততটাই দুর্বল হয়ে পড়েছেন তিনি। ব্রেক্সিট প্রশ্নে তিনি যে কঠোর অবস্থানের আভাস দিচ্ছিলেন, এই নির্বাচনী ফলাফলে তা নাকচ হয়ে গেছে। অর্থাৎ ব্রিটেনের জন্য সুবিধাজনক না হলে কোনো ধরনের সমঝোতা ছাড়াই বিচ্ছেদের (হার্ড ব্রেক্সিট) প্রস্তাব ভোটাররা প্রত্যাখ্যান করেছেন। যেসব উগ্র জাতীয়তাবাদী রাজনীতিকের কারণে ব্রেক্সিট ধারণার উদ্ভব এবং গণভোট, তাঁদের অন্যতম নাইজেল ফারাজ ইতিমধ্যে বিবিসিকে বলেছেন, এই নির্বাচন আরেকটি গণভোট অবশ্যম্ভাবী করে তুলেছে। ইউকে ইনডিপেনডেন্ট পার্টি, ইউকিপ নির্বাচনে কোনো আসন না পেলেও ব্রেক্সিটের জন্য তাদের চাপ যে বজায় রাখবে, তা মোটামুটি নিশ্চিত। অন্যদিকে বিরোধী দল লেবার পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাটসহ অন্য ছোট দলগুলো ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় রাখা ছাড়া কোনো ধরনের সমঝোতায় সম্মত হবে না বলেই জানিয়ে রেখেছে। ফলে ব্রেক্সিট প্রশ্নে অনিশ্চয়তা ব্রিটিশ রাজনীতিকে আরও অনেক দিন টানাপোড়েনের মধ্যে রাখবে বলে ধরে নেওয়া যায়।

 কনজারভেটিভ পার্টি বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ায় থেরেসা মে সরকার গঠনের প্রথম সুযোগটি পেয়েছেন। কিন্তু সরকার পরিচালনার জন্য তাঁকে উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) ১০ জন সদস্যের ওপর নির্ভর করতে হবে। তা ছাড়া আভাস মিলছে, থেরেসা মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আসবে তাঁর দলের ভেতর থেকেই। ১৪০ জন এমপির অংশগ্রহণে প্রতিষ্ঠিত কনজারভেটিভ পার্টির গবেষণা প্রতিষ্ঠান ব্রাইট ব্লুর পরিচালক রায়ান শর্টহাউজ বলেছেন, মিস মের এখনই সরে দাঁড়ানো উচিত। সাবেক শিক্ষামন্ত্রী এবং আরও দুই এমপি ইতিমধ্যে দলের বিপর্যয়ের জন্য প্রকাশ্যেই মেকে দায়ী করেছেন। বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমের রাজনীতিবিষয়ক সম্পাদকেরা বলছেন, মেস মের পক্ষে বেশি দিন সরকার পরিচালনা সম্ভব হবে না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় শিক্ষা, স্বাস্থ্য এবং সেবামূলক খাতগুলোর অধিকাংশের ওপর রাজ্যগুলো স্বায়ত্তশাসন ভোগ করে থাকে। কিন্তু যুক্তরাজ্যের বৃহত্তম জনগোষ্ঠীর বাস যে ইংল্যান্ডে কোনো আলাদা রাজ্য সরকার নেই। এ রকম অবস্থায় একটি রাজ্যকে খুব বেশি আলাদা বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। কিন্তু ডিইউপি ইতিমধ্যে তার রাজ্যের জন্য আলাদা সুবিধা চাওয়ার ইঙ্গিত দিয়েছে।

কনজারভেটিভ পার্টির ভেতরে এই নির্বাচনী বিপর্যয়ের কারণ হিসেবে সরকারের কৃচ্ছ্র কর্মসূচিকে কেউ দায়ী করছেন না। বরং তাঁরা থেরেসা মের নেতৃত্ব, ম্যানিফেস্টো তৈরিতে দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং প্রচারকৌশলের দুর্বলতাকেই দায়ী করছেন। কার্যত দেখা যাচ্ছে, তিনি যেসব আসনে প্রচারে অংশ নিয়েছেন, সেগুলোর অধিকাংশেই তাঁরা হেরেছেন। বিরোধীদের সঙ্গে বিতর্কে অংশ নিতে রাজি না হওয়া এবং সাধারণ ভোটারদের সঙ্গে মিশতে না পারার দৃষ্টান্তের কথা বলছেন অনেকেই। বিপরীতে জেরেমি করবিন যেখানেই গেছেন, সেখানেই বিপুল উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। বস্তুত লেবার পার্টির ভেতরে-বাইরে জেরেমির সমালোচকদের
সবাই প্রচারাভিযানে জেরেমির ভূমিকার প্রশংসা করেছেন। মের নেতৃত্ব যেমন দলের ভেতরে চ্যালেঞ্জের মুখে পড়ছে, তেমনই বিরোধীদের পক্ষ থেকেও তাঁর পদত্যাগের দাবি উঠেছে। এবং ভবিষ্যতে এই দাবি আরও প্রবল হওয়ার সম্ভাবনাই বেশি।

কনজারভেটিভ পার্টিতে মের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়লে সঙ্গে সঙ্গেই সংখ্যালঘু সরকারের পতন হবে, বিষয়টি এমন নয়। দলের ভেতরেই তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের নাম উচ্চারিত হচ্ছে। অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড যিনি পুরো নির্বাচনী প্রচারে প্রায় অন্তরালেই ছিলেন, তাঁর সম্ভাবনাও নাকচ করা যায় না। বরিসের জন্য সমস্যা হচ্ছে, ব্রেক্সিট প্রশ্নে তাঁর কট্টরবাদী পরিচিতি এবং অনেক মনগড়া বক্তব্য দিয়ে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।

 নতুন আইন অনুযায়ী ব্রিটিশ পার্লামেন্টের মেয়াদ হচ্ছে পাঁচ বছর। সুতরাং সংখ্যালঘুর সরকার পরিচালনায় কনজারভেটিভ পার্টি ব্যর্থ হলে লেবার পার্টি সেই সুযোগ পেতে পারে। জেরেমি করবিনও বলেছেন যে তিনি এবং তাঁর দল সে জন্য প্রস্তুত। তিনি বলেছেন, কোনো দলেরই সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নেই। তবে বিপুল সংখ্যায় মানুষ সম্ভাবনাময় ভবিষ্যতের পক্ষে ভোট দিয়েছে এবং সে কারণেই তাঁরা সরকার পরিচালনার সুযোগ চান। তবে ধারণা করা যায় যে কোনো পক্ষই স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে সংসদ গতবারের মতোই আরও একবার আগাম নির্বাচনের বিষয়ে পার্লামেন্টে সিদ্ধান্ত নেবে। ব্রিটেনে এর আগে ১৯৭৩ সালে সংখ্যালঘু সরকার গঠন এবং এক বছরের মধ্যে আবারও নির্বাচন অনুষ্ঠানের রেকর্ড রয়েছে।

আর্থিক বাজার এবং বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সরকারের ধারাবাহিকতা রক্ষা না হলে স্থিতিশীলতা নষ্ট হওয়ার যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, তার তাৎক্ষণিক প্রভাব পাউন্ড এবং শেয়ারের ওপর পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে তা বৃহত্তর অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর আগে ব্যবসায়ীরা বামপন্থী নেতা জেরেমি করবিন এবং ছায়া অর্থমন্ত্রী সমাজতন্ত্রী জন ম্যাকডোনাল্ডকে পুঁজিবাদবিদ্বেষী অভিহিত করে হুঁশিয়ারি দিয়েছিলেন যে তাঁদের নেতৃত্বাধীন লেবার পার্টির অর্থনৈতিক কর্মসূচি ব্রিটেনের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে। কিন্তু আর্থিক বাজারের উদ্বেগ-উৎকণ্ঠাকে ভোটাররা তেমন
একটা গায়ে না মাখলেও এখন যে নতুন পরিস্থিতির জন্ম হয়েছে, তাতে অনেকেরই কপালে দুর্ভাবনার ভাঁজ পড়তে শুরু করেছে।

সামগ্রিকভাবে ব্রিটেন যে এখন অভূতর্পূব অনিশ্চয়তার যুগে প্রবেশ করল, তাতে সন্দেহ নেই। এই অস্থিরতার প্রভাব শুধু ব্রিটেনের সীমানাতেই আটকে থাকবে, তা নয়। ইউরোপ এবং বাকি বিশ্বের ওপরও এর প্রভাব পড়তে বাধ্য।

কামাল আহমেদ: সাংবাদিক।