জার্মান পার্লামেন্টের ১৮তম নির্বাচন আজ রোববার। প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতারা গতকাল শনিবার শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিলেন। নির্বাচনের আগে পরিচালিত সর্বশেষ জরিপ বলছে, বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মধ্য-ডানপন্থী জোট খুব অল্প ব্যবধানে জয়ী হচ্ছে।
এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় ছয় কোটি। তাঁরা জার্মান পার্লামেন্ট বুন্ডেস্ট্যাগের ৬২২টি আসনে নির্বাচনের জন্য দুটি করে ভোট দেবেন। একটি সরাসরি প্রার্থী নির্বাচনের জন্য, অপরটি পছন্দের দলের জন্য।
নিয়ম অনুযায়ী, দলগুলো তাদের প্রাপ্ত ভোটের সংখ্যার ওপর ভিত্তি করেও মনোনীত প্রার্থীদের পার্লামেন্টে পাঠাতে পারবে। তবে কোনো দল মোট ভোটের পাঁচ শতাংশের কম ভোট পেলে পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা হারাবে। ভোট গণনা শেষে স্থানীয় সময় রাত আটটার মধ্যেই ফল প্রকাশের কথা।
চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল হ্যানোভারে গত শুক্রবার তাঁর দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) শেষ বড় নির্বাচনী জনসভায় ভাষণ দেন। এ সময় তিনি জার্মানির অগ্রযাত্রাকে ধরে রাখতে সিডিইউকে ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে মেরকেলের প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) চ্যান্সেলর প্রার্থী পেয়ার স্টাইনব্রুক শুক্রবার ফ্রাংকফুর্টে নির্বাচনী প্রচারণা চালান। তিনি তাঁর দলকে সুযোগ দিয়ে ধনী-গরিব ক্রমবর্ধমান বৈষম্য ঠেকানোর আহ্বান জানিয়েছেন।
শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণার মাধ্যমে প্রার্থীরা মূলত দোদুল্যমান ভোটারদের দৃষ্টি কাড়ার চেষ্টা করেছেন। প্রধান দুই প্রার্থীর পাশাপাশি পরিবেশবাদী দল গ্রিনপার্টি, লিবারেল বা ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি), ক্রিশ্চিয়ান সোশ্যালিস্ট ইউনিয়ন (সিএসইউ) ও অতি বামদল লিনকে পার্টিসহ অন্য দলগুলোর প্রার্থীরাও প্রচারণা চালান।
এদিকে সর্বশেষ জরিপ বলছে, মেরকেলের মধ্য-ডানপন্থী জোট অল্প ব্যবধানে জয়ী হচ্ছে। জার্মানির সাপ্তাহিক বিল্ড পত্রিকার রোববারের সংখ্যায় প্রকাশিতব্য এক জরিপে দেখা যাচ্ছে, মেরকেলের সিডিইউ ৩৯ শতাংশ এবং তাঁর জোটের শরিক এফডিপি ছয় শতাংশ ভোট পেতে পারে। স্টাইনব্রুকের এসপিডি ২৬ শতাংশ এবং তাঁর মিত্র দল গ্রিনপার্টি নয় শতাংশ ভোট পাবে।
শেষ পর্যন্ত সরকার গঠন করতে মেরকেল তাঁর প্রতিদ্বন্দ্বী এসপিডির সঙ্গেই জোট গড়তে পারেন। আর সেটা হলে তৃতীয় মেয়াদে জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব নেবেন মেরকেল।