মেরকেলই সবচেয়ে ক্ষমতাধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বিশ্বের রাজনীতি, ব্যবসা ও গণমাধ্যমের জগতে নেতৃস্থানীয় ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বস। অ্যাঙ্গেলার পরের অবস্থানেই রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আর তৃতীয় স্থানে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। গতবারও তাঁরা একই অবস্থানে ছিলেন।ফোর্বস-এর এ ক্ষমতাধর নারীর তালিকা তৈরিতে বিশ্বে নীতিনির্ধারণীতে তাঁদের প্রভাব, কী পরিমাণ অর্থ তাঁরা নিয়ন্ত্রণ করেন বা উপার্জন করেন এবং গণমাধ্যমে তাঁদের উপস্থিতি—এসব বিষয় বিবেচনা করেই তাঁদের নম্বর দেওয়া হয়। এরপর প্রতিটি বিষয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে তালিকার ক্রম সাজানো হয়। সাময়িকীটি ইউরোপীয় ইউনিয়নকে একীভূত রাখতে এবং চলমান ঋণসংকট মোকাবিলায় ইউরো জোনের ওপর অ্যাঙ্গেলা মেরকেলের প্রভাবের বিষয়টি উল্লেখ করেছে।মেরকেল ২০০৫ সালে ক্ষমতায় আসার পর ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত এ তালিকায় টানা চারবার প্রথম হন। তবে ২০১০ সালে তিনি পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গিয়েছিলেন। সেবার মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা দখল করেছিলেন প্রথম স্থান। অবশ্য গত বছর আবারও প্রথম স্থানে উঠে আসেন মেরকেল।প্রথম ১০ জনের তালিকায় আরও রয়েছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি মেলিন্ডা গেটস, নিউইয়র্ক টাইমস-এর নির্বাহী সম্পাদক জিল অ্যাব্রামসন, ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং ফ্রান্সের সাবেক মন্ত্রী ক্রিস্টিন লাগার্দে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী জ্যানেট নাপোলিতানো এবং ব্যবসায়ী ও ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ। এ ছাড়া মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি এ তালিকায় ১৯তম স্থানে এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ৩০তম স্থানে রয়েছেন। ক্ষমতাধর এই ১০০ নারীকে ২৮টি দেশ থেকে নির্বাচিত করা হয়েছে। রয়টার্স।