মেরকেলের মুঠোফোনে যুক্তরাষ্ট্রের নজরদারির অভিযোগ

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুঠোফোনে নজরদারি করে থাকতে পারে বলে খবর বেরিয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে গতকাল বুধবার অভিযোগ জানিয়েছেন মেরকেল।
‘ওয়াশিংটন পোস্ট’-এর খবরে জানানো হয়, বিষয়টি নিয়ে ওবামার কাছে ফোনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মেরকেল। এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা দুই দেশের মধ্যকার বিশ্বাসে ভাঙন ধরাতে পারে বলেও মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর।
তবে জার্মানির অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস। হোয়াট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র জার্মান চ্যান্সেলরের মুঠোফোনে নজরদারি করছে না, ভবিষ্যতেও করবে না বলে মেরকেলকে আশ্বস্ত করেছেন ওবামা। তা সত্ত্বেও জার্মানির উদ্বেগের বিষয়টি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট।
অতীতে এ ধরনের কাজ যুক্তরাষ্ট্র করেছে কি না, এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছুই বলেননি হোয়াইট হাউসের মুখপাত্র।