মেলবোর্নে সন্ত্রাসী হামলার 'ষড়যন্ত্র' নস্যাতের দাবি
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে একটি সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র বানচাল করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ তরুণকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
পুলিশ বলছে, প্রথম বিশ্বযুদ্ধের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই হামলার পরিকল্পনা করা হয়েছিল। ওই ষড়যন্ত্রে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অনুপ্রেরণা ছিল। মূল পরিকল্পনাকারী হিসেবে ১৮ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অ্যানজাক ডে উপলক্ষে মেলবোর্নে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতীয় স্মরণ অনুষ্ঠানে পুলিশের ওপর ওই হামলার পরিকল্পনা করা হয়েছিল।
কথিত ওই হামলার ষড়যন্ত্রকারীদের আটক করতে পুলিশের ২০০ সদস্য অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের দক্ষিণ-পূর্ব অংশে গতকাল সকালে অভিযান চালান। পুলিশের ভারপ্রাপ্ত উপকমিশনার নিল গগান বলেন, সাক্ষ্য-প্রমাণ দেখে মনে হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তিরা আইএসের মাধ্যমে অনুপ্রাণিত। এঁদের মধ্যে সেভডেট বেসিম নামের একজনকে গতকাল মেলবোর্ন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
পুলিশের ভাষ্য, পরিকল্পিত ওই হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করার আশঙ্কা ছিল। তবে আইএসের কায়দায় কারও শিরশ্ছেদ করার উদ্দেশ্য সম্ভবত ছিল না।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে দুজন পুলিশের ওপর হামলাকারী আবদুল নোমান হায়দারের সহযোগী। হায়দার গত বছরের সেপ্টেম্বরে পুলিশের দুই সদস্যকে ছুরি মারার পর গুলিতে নিহত হন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট পূর্বনির্ধারিত অ্যানজাক ডে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য জনসাধারণের প্রতি গতকাল আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা করছে। সন্ত্রাসের বিরুদ্ধে সবচেয়ে ভালো পদক্ষেপ হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখা।
অস্ট্রেলিয়ায় অভ্যন্তরীণ চরমপন্থী হামলার হুমকি ক্রমশ বাড়ছে বলে অ্যাবোট দুই মাস আগে হুঁশিয়ারি দেন। দেশটিতে গত সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে।
গত ডিসেম্বরেই অস্ট্রেলিয়ার সিডনির একটি ক্যাফেতে বেশ কয়েকজনকে জিম্মি করেন একজন স্বঘোষিত মুসলিম ধর্মীয় নেতা। ওই ঘটনার পর থেকে দেশটির মুসলিম অধিবাসীদের মধ্যে কট্টরপন্থার বিস্তার নিয়ে উদ্বেগ বৃদ্ধি পায়।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রতি বছর ২৫ এপ্রিল সাড়ম্বরে অ্যানজ্যাক ডে উদ্যাপন করা হয়। বিভিন্ন যুদ্ধ, লড়াই ও শান্তিরক্ষা কার্যক্রমে এ দুই দেশের যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মরণ করা হয় এই দিনে।