মেলবোর্নের রাস্তায় ভেড়াবৃষ্টি!
একটি লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল চার শতাধিক ভেড়া। একটি উড়ালসড়কের ওপর দিয়ে যাওয়ার সময় মোড় ঘুরতে গিয়ে হঠাৎ লরিটি কাত হয়ে যায়। সেটি আটকে যায় উড়ালসড়কের রেলিংয়ে। অমনি লরির ভেতর থেকে ভেড়াগুলো টপাটপ বৃষ্টির মতো পড়তে থাকে নিচে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে।আকস্মিক এ দুর্ঘটনায় রাস্তায় ভেড়ার চাপে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে যায়। কিছু গাড়ি ভেড়াগুলো বাঁচাতে গিয়ে হয়ে যায় দিকভ্রষ্ট। ওপর থেকে পড়ে অনেক ভেড়া মারাও গেছে। এ ছাড়া আহত হয়েছে আরও অনেক। তবে মানুষের কোনো ক্ষতি হয়নি।পুলিশ জানিয়েছে, মেলবোর্নের প্রিন্সেস ফ্রিওয়ের উড়ালসড়কে এ ঘটনা ঘটে। লরিটি গিলং শহরে যাচ্ছিল। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।অ্যালান ইয়েড নামের একজন প্যারামেডিক বার্তা সংস্থা এপিকে বলেন, ‘এ রকম ঘটনা সাধারণত দেখা যায় না।’ক্রিস্টি ডেভিস নামের একজন যাত্রী বলেছেন, ‘আমরা প্রথমে ওপরের দিকে তাকিয়ে লরিটিকে পাক খেতে দেখেছি। এর পরই নিচে তাকিয়ে দেখলাম, ভেড়ার বৃষ্টি।’ বিবিসি।