মেলেসের মৃত্যু, ইথিওপিয়ায় অস্থিতিশীলতার আশঙ্কা
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাবিকে গত মঙ্গলবার রাজধানী আদ্দিস আবাবায় আনা হয়েছে। ৫৭ বছর বয়সে গত সোমবার তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।মঙ্গলবার মেলেসের মরদেহ ইথিওপিয়ায় আনা হলে হাজার হাজার শোকার্ত মানুষ রাজপথে নেমে আসে। মেলেসের মরদেহ রাজধানী আদ্দিস আবাবায় ন্যাশনাল প্যালেসে রাখা হয়েছে। শেষকৃত্যানুষ্ঠানের আগ পর্যন্ত মরদেহ এখানেই রাখা হবে। শেষকৃত্যানুষ্ঠানের দিন এখনো নির্ধারণ করা হয়নি।১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইথিওপিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মেলেস। ১৯৯৫ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। মেলেস দেশটির ক্ষমতাসীন দল ইথিওপিয়ান পিপলস রেভল্যুশনারি ডেমোক্রেটিক ফ্রন্টের (ইপিআরডিএফ) প্রধান।মেলেসের বিরুদ্ধে বিরোধী দলের প্রতি কঠোর দমন-পীড়ন চালানো ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাই তাঁর মৃত্যুর পর দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মেলেসের মৃত্যুর পর পররাষ্ট্রমন্ত্রী হেইলেমারিয়াম ডেসালেন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। ২০১৫ সালে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন। তবে তিনি বিরোধীদের নিয়ন্ত্রণ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।মেলেস যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের অন্যতম মিত্র ছিলেন। বিবিসি।