মেহসুদ হত্যাকাণ্ডে সমর্থন জানালেন মার্কিন কংগ্রেসম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলার মাধ্যমে পাকিস্তানি তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদের হত্যাকাণ্ডের পক্ষে নিজের অবস্থান তুলে ধরলেন মার্কিন কংগ্রেসম্যান মাইক রজার্স।
কংগ্রেসের গোয়েন্দাবিষয়ক স্থায়ী সিলেক্ট কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান নেতা রজার্স বলেন, মেহসুদকে হত্যার ফলে মার্কিন সেনাবাহিনী আরও নিরাপদ হলো।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে অংশ নিয়ে গত রোববার মাইক রজার্স এ কথা বলেন। তিনি বলেন, ‘মেহসুদ ছিলেন হিংস্র মানুষ। সম্প্রতি মার্কিন বাহিনীর ওপর হামলার আশঙ্কায় আমরা উদ্বিগ্ন ছিলাম। মেহসুদ নিহত হওয়ার খবরে কিছুটা স্বস্তি পাচ্ছি।’
রজার্স আরও বলেন, মেহসুদ পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলায়ও জড়িত। অসংখ্য মেয়েশিশুর বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার মেহসুদকে হত্যা বা ড্রোন হামলার বিষয়ে সরাসরি কিছু বলেনি। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা ক্যাটলিন হেইডেন গত শনিবার বলেছিলেন, ওই ড্রোন হামলায় মার্কিন সরকার জড়িত কি না এবং মেহসুদ নিহত হয়েছেন কি না, সে বিষয়ে তিনি কথা বলবেন না। তবে হেইডেন তখন বলেন, মেহসুদের নিহত হওয়ার বিষয়টি সত্যি হলে তা টিটিপির জন্য বড় এক আঘাত হবে। জিয়ো টিভি।