মেহসুদকে হত্যার পক্ষে যুক্তরাষ্ট্রের পরোক্ষ সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়ে পাকিস্তানি তালেবানের শীর্ষ নেতা হাকিমুল্লাহ মেহসুদকে হত্যার পক্ষে গত সোমবার পরোক্ষভাবে সাফাই গেয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশটি স্বীকার করেছে, এ ঘটনা নিয়ে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কে ‘উত্তেজনা’ ও ‘সাময়িক ভুল-বোঝাবুঝি’ তৈরি হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি সোমবার বলেন, ‘(ওই ঘটনার পর) অবশ্যম্ভাবীরূপে আমাদের দুই দেশের মধ্যে কিছু উত্তেজনা এবং সাময়িক ভুল-বোঝাবুঝি হবে। আমরা আশা করছি, আমাদের সম্পর্কে অগ্রগতি অব্যাহত থাকবে এবং অর্থনীতি থেকে শুরু করে নিরাপত্তা ইস্যুগুলোসহ আমাদের যে পারস্পরিক স্বার্থের বিষয় রয়েছে, সেসব ক্ষেত্রে দুই দেশ সহযোগিতা অব্যাহত রাখবে।’
মুখপাত্র কারনি ড্রোন হামলা চালিয়ে মেহসুদকে হত্যার কথা নিশ্চিত করেননি। তিনি শুধু বলেন যে ২০১০ সালে নিউইয়র্কের টাইম স্কয়ারে এক ব্যর্থ বোমা হামলাসহ অসংখ্য ‘সন্ত্রাসবাদী কাজে’ সম্পৃক্ত ছিলেন মেহসুদ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও সৌদি আরব সফরের সময় সোমবার রিয়াদের সংবাদ সম্মেলনে ড্রোন হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। মেহসুদের মৃত্যুর খবরের ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, তিনি এমন একজন মানুষ যিনি অনেক মার্কিনকে হত্যা করেছেন; অনেক আফগান ও পাকিস্তানিকেও হত্যা করেছেন।’
‘পাকিস্তান প্রতিবাদের বিষয়ে বলার মতো কিছু নেই’: মেহসুদকে হত্যার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড জি অলসনকে ডেকে পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় বলে খবর বের হয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর গত সোমবার জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে বলার কিছু নেই। এ দিন ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র ম্যারি হার্ফ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এ বিষয়ে এমন কোনো সুনির্দিষ্ট বক্তব্য তাঁর কাছে নেই, যা পড়ে শোনানো যায়। এএফপি ও ডন।