মোগাদিসুতে আত্মঘাতী বোমায় নিহত ১৩
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গতকাল মঙ্গলবার সকালে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। মোগাদিসু বিমানবন্দর-সংলগ্ন জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের দপ্তরের কাছে এসব হামলা হয়। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এর দায় স্বীকার করেছে।
পুলিশ কর্মকর্তা বিশার আবদি গেদি বলেন, একটি গাড়িবোমা স্থানীয় এক নিরাপত্তা তল্লাশিচৌকি ও আরেকটি জাতিসংঘ দপ্তরের কাছে বিস্ফোরিত হয়। এসব বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার কথা নিশ্চিতভাবে জানা গেছে। তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের ধরতে সক্ষম হয়েছেন এবং পরিকল্পিত হামলা ব্যর্থ করে দিয়েছেন।
জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-শাবাবকে সোমালিয়া ও এর পাশের দেশ কেনিয়ায় সংঘটিত বেশ কিছু রক্তক্ষয়ী হামলার জন্য দায়ী করা হয়ে থাকে। সোমালিয়ায় গোষ্ঠীটি সরকার উৎখাতের চেষ্টায় লড়াই চালাচ্ছে।
এক বিবৃতিতে আল-শাবাব বলেছে, তাদের দুজন আত্মঘাতী সদস্য ওই হামলা চালিয়েছেন। আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের দুই পৃথক অবস্থান লক্ষ্য করে এ হামলা করা হয়।
এএফপির একজন সংবাদদাতা বলেন, হামলার পর ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শুনেছেন তিনি।
মোগাদিসুর বিমানবন্দর অত্যন্ত সুরক্ষিত। এর খুব কাছেই আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশন অ্যামিসমের ঘাঁটি। ২২ হাজার সদস্যের এই মিশন দেশটিতে শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে সহায়তা দিচ্ছে। শাবাবের হামলা থেকে রক্ষায় ২০০৭ সালে দেশটিতে এ মিশন পাঠানো হয়।
আন্তর্জাতিক এ মিশনের সহায়তায় পাঁচ বছর আগে রাজধানী মোগাদিসু থেকে শাবাব গোষ্ঠীকে হটিয়ে দেওয়া হলেও সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের ওপর নিয়মিতভাবে হামলা করছে তারা।