মোদি-ঝড়ের বলি নিতীশ

রাজকীয় সংবর্ধনার মধ্যে ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লি আগমনের কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচনী বিপর্যয়ের দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। গতকাল শনিবার বিকেলে রাজ্যপাল ডি ওয়াই পাতিলের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিতীশ সংবাদ সম্মেলনে বলেন, তিনি বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেননি। তা না করায় বিকল্প সরকার গঠিত না হলে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হবে। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে মোদির প্রভাবের প্রথম বলি হলেন বিহারের কুর্মি জনগোষ্ঠীর নেতা নিতীশ।
এদিকে রাজধানীতে গতকাল দিনভর মোদিকে নিয়ে উন্মাদনার মধ্যে ঠিক হয়, আগামী মঙ্গলবার দুপুরে বিজেপির সংসদীয় দলের বৈঠকে মোদিকে নেতা নির্বাচন করা হবে। দলের সভাপতি রাজনাথ সিং বৈঠক শেষে জানান, প্রধানমন্ত্রী হিসেবে তিনি কবে শপথ নেবেন তা এখনো ঠিক হয়নি। আগে রটেছিল, ২১ মে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি।
বুধবার শপথ গ্রহণের দিন বিজেপির নেতৃত্বই পঞ্জিকা ঘেঁটে ঠিক করেছিল। কিন্তু তাঁদের কাছে অনুরোধ করা হয়, ২১ মে শপথ না নিতে, যেহেতু ওই দিন সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। বিজেপি সেই অনুরোধ মেনে নিয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে তিন হাজার মানুষের অনুরোধ রয়েছে। রাষ্ট্রপতি ভবনে সেই অনুরোধ পাঠানোও হয়েছে। তবে এত মানুষের উপস্থিতিতে শপথ গ্রহণের অায়োজন করতে হলে তা প্রথাগত অশোকা হলে সম্ভব নয়, করতে হবে রাষ্ট্রপতি ভবনের প্রশস্ত আঙিনায়৷
দিল্লির সব বৈঠক শেষে মোদি বিকেলে যান বারানসি। নির্বাচনী প্রচারে তিনি বারানসি গেলেও ‘মা গঙ্গা’ দর্শন করতে পারেননি। বারানসি যাওয়ার একটা কারণ যদি হয় ‘বাবা বিশ্বনাথ ও গঙ্গা আরতি দর্শন’, দ্বিতীয় কারণ খুব সম্ভবত এটা বোঝানো যে, উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের এই আসনটাই তিনি রাখবেন, গুজরাটের বাদোদরা ছাড়বেন। বারানসি থেকে দাঁড়ানোয়ই উত্তর প্রদেশ ও বিহারে মোদির দলের এমন অভাবিত জয় সম্ভব হয়েছে। এই রাজনৈতিক সিদ্ধান্তের সুফল হেলায় হারাতে নারাজ বিজেপি।
ভারত জয়ের পর মোদির দিল্লি আগমন ব্যাপক উত্তেজনা সৃষ্টি করলেও বিকেলে সবার নজর সম্পূর্ণ ঘুরে যায় পাটনার রাজনীতির দিকে। লোকসভায় বিহারের ৪০ আসনের মধ্যে নিতীশের দল সংযুক্ত জনতা দলের ভাগ্যে জুটেছে মাত্র দুটি আসন। মোদির বিরোধিতা করে এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়ে তিনি নিজেকে কোণঠাসা অবস্থায় নিয়ে যান। ভোটের আগে থেকেই নিতীশের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দলে বিক্ষোভ শুরু হয়েছিল। এমনিক দলের সভাপতি শারদ যাদবও মুখ্যমন্ত্রীর সমালোচনা শুরু করেছিলেন। শারদ ভোটে হেরে গেছেন। এই অবস্থায় সরকার চালানো তাঁর পক্ষে দুঃসহ হয়ে উঠতে পারে, দলত্যাগ ঘটতে পারে ভেবেই নিতীশের এই সিদ্ধান্ত। আগামী বছরের মে মাস পর্যন্ত তাঁর সরকারের মেয়াদ ছিল।
নিতীশের এই সিদ্ধান্তের পাশাপাশি রাজধানীতে জোর জল্পনা চলছে কংগ্রেসকে নিয়ে। কাল সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে হারের নৈতিক দায় মাথায় নিয়ে দলনেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী পদত্যাগ করার প্রস্তাব দিতে পারেন বলে কংগ্রেস মহলে শোনা যাচ্ছে। প্রস্তাব দিলেও ওয়ার্কিং কমিটির সদস্যরা যে তা মেনে নেবেন, এমন মনে করার কোনো কারণ অবশ্য নেই। অতীতেও এমন ঘটনা ঘটেছে। কিন্তু ওয়ার্কিং কমিটি একযোগে তা প্রত্যাখ্যান করে নেতৃত্বের ওপরেই ভরসা রেখেছে। এবারও তেমনই হবে বলেই ওয়ার্কিং কমিটির এক সদস্য প্রথম আলোকে জানান।
গতকাল বিজেপির নেতারা মোদিকে রাজকীয় সংবর্ধনা দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। কয়েক হাজার কর্মী ও সমর্থক সাতসকালেই দিল্লি বিমানবন্দরে চলে যান ফুল ও দলীয় পতাকা নিয়ে। সকাল সাড়ে ১০টার দিকে মোদির বিমান দিল্লি নামে। সেখান থেকে সমর্থকদের জোয়ারে ভাসতে ভাসতে তিনি দলীয় কার্যালয়ের কাছে একটি হোটেলে যান কিছু সময়ের জন্য। দলীয় কার্যালয়ের সামনে গোটা অশোক রোড সর্বসাধারণের জন্য বন্ধ করে দেয় দিল্লি পুলিশ। প্রশস্ত সেই রাস্তা গেরুয়া বেলুন, দলীয় পতাকা ও অগণিত সমর্থকে ভরপুর হয়ে যায়৷ মোদির গাড়ির বহর সেই ভিড় ঠেলে দলের সদর দপ্তরে ঢোকে। তার আগে জনতাকে মোদি ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা জানান দেশবাসীকে। তারপর ঢুকে যান সংসদীয় বোর্ডের বৈঠকে।
এই বৈঠকে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়। মোদিকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা, সরকার গঠন নিয়ে মতবিনিময় ও গুজরাটে তাঁর উত্তরাধিকারী নির্বাচন। উত্তরাধিকারীর প্রশ্নে অবশ্যই এগিয়ে আনন্দিবেন প্যাটেল। বৈঠক শেষে বিজেপির সভাপতি রাজনাথ সিং জানান, ২০ মে মোদি সংসদীয় দলের নেতা নির্বাচিত হবেন। এরপর এনডিএর শরিকদের বৈঠকে তা অনুমোদন করা হবে। সরকার গঠন নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। দলের নেতারা বলছেন, মন্ত্রিসভায় কে থাকবেন, কীভাবে থাকবেন, তা ঠিক করা সম্পূর্ণই প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে এই জল্পনার মধ্যে সংসদীয় দলের বৈঠকের ছবিটা আকর্ষণীয়। মোদির বাঁ দিকে রাজনাথ সিং, তাঁর পাশে লালকৃষ্ণ আদভানি। মোদির ডানদিকে সুষমা স্বরাজ, তাঁর পাশে মুরিল মনোহর যোশি। এই তিনজনের মন্ত্রিসভায় থাকা না-থাকা নিয়ে জল্পনা এদিনও অব্যাহত ছিল। মোদিকে প্রবীণ আদভানি ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে ভাবি প্রধানমন্ত্রী তাঁর পা ছঁুয়ে প্রণাম করেন ও বুকে জড়িয়ে ধরেন। দলীয় সূত্রে খবর, আদভানিকে সম্ভবত এনডিএর চেয়ারম্যান রেখে দেওয়া হবে। সুষমাকেও সম্ভবত গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের আসানসোল আসন থেকে জয়ী গায়ক বাবুল সুপ্রিয়কে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। তাঁর জনসভায় গিয়ে মোদি বলেছিলেন, ‘আমার বাবুল চাই।’
বিজেপির এই উচ্ছ্বাস ও উন্মাদনার মধ্যে গতকাল সকালে প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর মন্ত্রিসভার শেষ বৈঠকটি সেরে ফেলেন নিঃশব্দে। এরপর জাতির উদ্দেশে তিনি অতি সংক্ষিপ্ত এক ভাষণ দেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মনমোহন বলেন, তাঁর জীবন চিরকালই একটা খোলা বই। ১০ বছর ধরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করেছেন সাধ্যমতো। এরপর তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিজের ও মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে তুলে দেন। আধা ঘণ্টা পর বেরিয়ে আসেন। বিরলতম সৌজন্য দেখিয়ে রাষ্ট্রপতি একেবারে গাড়ি পর্যন্ত এসে তাঁকে বিদায় দেন। মোদি প্রধানমন্ত্রীর শপথ না নেওয়া পর্যন্ত মনমোহন সিংই কাজ চালাবেন।
বিজেপি ২৮৩
কংগ্রেস ৪৪
এআইএডিএমকে ৩৭
তৃণমূল কংগ্রেস ৩৪
অন্যান্য ১৪৫
জোটগত অবস্থান
এনডিএ (বিজেপি নেতৃত্বাধীন) ৩৩৬
ইউপিএ (কংগ্রেস নেতৃত্বাধীন) ৫৯
দলগত অবস্থান: মোট আসন ৫৪৩ (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)