বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে বারানসিতে নির্বাচনী সমাবেশ করার অনুমতি দেয়নি জেলা প্রশাসন৷ বিজেপি বিষয়টিকে ‘নজিরবিহীন’ ও ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে এই আসনের দািয়ত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাকে বরখাস্ত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে৷
নরেন্দ্র মোদি উত্তর প্রদেশ রাজ্যের বারানসিতে আজ বৃহস্পতিবার দুটি শোভাযাত্রার পরিকল্পনা করছিলেন৷ এর মধ্যে বিকেলে ‘গঙ্গা আরতি’ বা গঙ্গায় পূজা নিবেদন করার কথা৷ বেনিয়াবাগ এলাকায়ও একটি শোভাযাত্রা করার পরিকল্পনা ছিল তাঁর৷ কিন্তু কোনোটিরই অনুমতি দেয়নি বারানসির জেলা প্রশাসন৷
বিজেপির জ্যেষ্ঠ নেতা অরুণ জেটলি শোভাযাত্রা ও গঙ্গা আরতির আবেদন নাকচ হওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা প্রাঞ্জল যাদবকে দায়ী করেন৷ তিনি বলেন, ‘আমি জানি না, এতে কে হস্তক্ষেপ করছে৷ কিন্তু এই আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাই বড় হুমকি৷’
বিজেপির মুখপাত্র নির্মলা শিথারমন বলেন, বারানসির প্রশাসনের সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন সমাজবাদী পার্টির একধরনের ‘অঘোষিত সমঝোতা’ আছে৷ প্রশাসন সেটাই মেনে চলছে৷
এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার বারানসিতে কর্মসূচি পালনের হুমকি দিয়েছে বিজেপি৷ এই আসনে মোদির বিপক্ষে রয়েছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেসের অজয় রায়৷ এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া৷