মোদি সরকারের সমালোচনায় প্রধান বিচারপতি
ভারতের সাবেক প্রধান সরকারি কৌঁসুলি গোপাল সুব্রামানিয়ামকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের প্রক্রিয়ায় বিরোধিতা করায় নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করেছেন দেশটির প্রধান বিচারপতি আর এম লোধা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘গোপাল সুব্রামানিয়ামের নাম নির্বাহী বিভাগ একতরফাভাবে খারিজ করে। প্রথমত এখানেই আমার আপত্তি। কারণ কাজটি যথাযথ প্রক্রিয়া মেনে করা হয়নি।’
মোদি সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই প্রধান বিচারপতির সমালোচনার মুখে পড়ল। অনুষ্ঠানে আইনজীবীদের উদ্দেশে বিচারপতি লোধা বলেন, তাঁর কাছে বিচার বিভাগের স্বাধীনতা সবচেয়ে বড়। বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস নয়। তিনি আরও বলেন, ‘আমি ভারতের ১২০ কোটি মানুষের কাছে প্রতিজ্ঞা করছি, বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে আপস করা হবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে সবার আগে আমিই পদত্যাগ করব।’