মোদি সরকারের ১০ অগ্রাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দশ দফা অগ্রাধিকার তালিকা প্রস্তুত করেছেন। এরই পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন, আগামী ১০০ দিনে কী কী কাজ করা সম্ভব তার তালিকা তৈরি করতে। প্রধানমন্ত্রী মোদি গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকে এই নির্দেশ দেন। বৈঠকের আগে তিনি নিজের অফিস ঘুরে কর্মী ও অফিসারদের সঙ্গে কথা বলেন। চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াং বৃহস্পতিবার মোদিকে ফোন করেন। দুই নেতার মধ্যে ২৫ মিনিট কথা হয়। মোদিকে কেচিয়াং বলেছেন, আসুন, আমরা এশিয়ার এই দুই হেভিওয়েট শক্তি একটা জোরদার সম্পর্ক গড়ে তুলি।

মন্ত্রিসভার সদস্যদের বৈঠকে মোদি বলেন, আগামী এক শ দিনে সম্পন্ন করা যাবে, এমন কাজের তালিকা আপনারা তৈরি করুন। সেই কাজের তালিকা তৈরি করবেন যা শেষ করা যাবে। মোদি বলেন, দক্ষতা বাড়াতে হবে এবং রূপায়ণযোগ্যতার ওপর জোর দিতে হবে। তিনি বলেন, মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়ে আমরা ক্ষমতায় এসেছি। জনগণ আমাদের পূর্ণ বিশ্বাস করে ভোট দিয়েছেন। এমন সমর্থন মানুষ আমাদের দিয়েছেন, যাতে আর কারও ওপর নির্ভর করতে না হয়। ফলে কাজ করতে না-পারার অজুহাত মানুষ শুনবে না। এটা মনে রাখতে হবে। এক কেন্দ্রীয় মন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আমরা যেন নিজেদের ওপর বিশ্বাস রাখি। তা হলেই আমরা প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারব।’

এই বৈঠকেই মোদি জানান, সুপ্রশাসনের মাধ্যমে প্রতিশ্রুতি পালনে তিনি দশ দফা অগ্রাধিকারের এক তালিকা তৈরি করেছেন। সেই অনুযায়ী মন্ত্রীদেরও নিজ নিজ দপ্তরের অগ্রাধিকার তৈরি করার কথা তিনি বলেছেন। প্রাথমিকভাবে সেই তালিকা তৈরি করতে হবে যে কাজগুলো আগামী এক শ দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে।

মোদির অগ্রাধিকারের তালিকায় প্রথমেই রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির বাধাগুলো দূর করা ও মূল্যবৃদ্ধি কমানো। দ্বিতীয় অগ্রাধিকার শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জল সরবরাহে। নির্বাচনী প্রচারে এই তিন বিষয়ের ওপর তিনি বিশেষ জোর দিয়েছিলেন। তৃতীয় স্থানে রয়েছে পরিকাঠামো ক্ষেত্রগুলোতে প্রয়োজনীয় সংস্কার করা, যাতে দেশের প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি না হয়। দেশের শিল্পমহলের দাবিও এই বিষয়ে যথেষ্ট জোরালো। অগ্রাধিকারের চতুর্থ বিষয়টি হলো সরকারের জনমুখী চরিত্র। মোদি বৈঠকে বলেন, প্রশাসনকে জনগণের চাহিদাগুলো মেটাতে হবে। শুধু জনমুখী হলেই হবে না, অতিসক্রিয়ও হতে হবে। পঞ্চম অগ্রাধিকারে রয়েছে সময়ে কাজ শেষ করা। যে কাজগুলো যে সময়ে শেষ করা দরকার, সেই কাজ সে সময়েই শেষ করতে হবে। ষষ্ঠ তালিকায় রয়েছে নীতির ধারাবাহিকতা বজায় রাখা। প্রশাসনিক স্বচ্ছতার ওপরও খুব জোর দিয়েছেন মোদি। তা বজায় রাখতে সপ্তম অগ্রাধিকার হলো ই-টেন্ডার। প্রশাসনে প্রযুক্তির ব্যবহার, বিশেষত টেন্ডারের ক্ষেত্রে, এর ওপর জোর দিচ্ছেন মোদি। অষ্টম স্থানে রাখা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়সাধন। নবম স্থানে রয়েছে আমলাতন্ত্র। মোদি আমলাতন্ত্রের ওপর আস্থা রাখা ও তা বাড়ানোর ওপর জোর দিয়েছেন এবং দশম বিষয় হলো আমলাতন্ত্রকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার বিষয়। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ কথাও বলেছেন, রাজ্যগুলোর দাবি ও চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে। এ ছাড়া মাত্রাছাড়া খরচ না করতেও তিনি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।  

বাদোদারা আসন ছাড়লেন মোদি: লোকসভা নির্বাচনে নিজ রাজ্য গুজরাটের বাদোদারা এবং উত্তর প্রদেশের বারানসি আসন থেকে লড়াই করে দুটোতেই জিতেছিলেন মোদি৷ গতকাল তিনি বাদোদারা আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন৷

লোকসভার অধিবেশন শুরু ৪ জুন: মোদির নেতৃত্বে মন্ত্রিসভার গতকালের বৈঠকে লোকসভার প্রথম অধিবেশনের দিনক্ষণ ঠিক করার সুপারিশ করা হয়৷ সুপারিশ মোতাবেক, প্রথম অধিবেশন ৪ জুন শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত৷