মোদিকে ঠেকাতে মমতার সঙ্গেও ঐক্য হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপির নেতা নরেন্দ্র মোদিকে ক্ষমতার বাইরে রাখতে বাম দলগুলো প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ঐক্য গড়তে পারে৷ বিষয়টি চিন্তার বাইরে মনে হলেও এটি হতে পারে৷ কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই) এ কথা জানিয়েছে৷
সিপিআইয়ের নেতা এ বি বর্ধন গত সোমবার বলেন, রাজনৈতিক স্বার্থে তিনি মুখ্যমন্ত্রী ও তাঁর তৃণমূল কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধার বিরোধী নন৷ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিজেপিকে দূরে রাখতে এটি করা যেতে পারে৷ আমি মনে করি, বিজেপি ১৬৫-১৭০টির বেশি আসন পাবে না৷ সব মিলিয়ে তারা ২১০ ছাড়িয়ে যেতে পারবে না৷ আর তা হলেই তারা ছিটকে পড়বে৷ আর এসব বিবেচনায় নিলে মমতার সঙ্গে আলোচনা করা যায়৷’
বাম দলের সঙ্গে মমতার বৈরিতা সর্বজনবিদিত৷ এমন বৈরী সম্পর্কের একটি দলের সঙ্গে ঐক্য প্রসঙ্গে বর্ধন বলেন, ‘জোটের কেন্দ্রীয় অবস্থানে কেন মমতা থাকবেন৷ অনেক মানুষ আছেন, যাঁদের নৈতিকতার জায়গাটি ভিন্ন৷ তাঁদের কেউ বিজেপিবিরোধী, আবার কেউ কংগ্রেসবিরোধী৷’ টাইমস অব ইন্ডিয়া৷