মোদির ওপর ভিসার নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপারে নিজেদের অবস্থান দ্রুত পাল্টাচ্ছে যুক্তরাষ্ট্র৷ তাঁর ওপর থেকে দীর্ঘ ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে৷ শুধু তা-ই নয়, প্রেসিডেন্ট ওবামা তাঁকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন৷
ভারতের গুজরাটে ২০০২ সালের দাঙ্গায় নিহত হয়েছিল দুই হাজারের বেশি মানুষ৷ এর বেশির ভাগ মুসলিম৷ ওই ঘটনার পর ২০০৫ সালে মোদি যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করেন৷ কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থার আপত্তির মুখে তাঁকে ভিসা দেয়নি মার্কিন প্রশাসন৷ এর পর থেকে মোদি আর যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেননি৷
তবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মোদি প্রচারণায় নামার পর মার্কিন প্রশাসন বুঝে যায় তাঁর ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা আছে৷ তাই গত ফেব্রুয়ারিতে মোদির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয় মার্কিন প্রশাসন৷ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ কর্মকর্তারা মোদির সঙ্গে সাক্ষাৎ করেন৷
ভারতে এক মাসের বেশি সময় ধরে লোকসভা নির্বাচনের মধ্যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে কয়েক দফায় বলা হয়, ভারতের নতুন প্রধানমন্ত্রী যেই হোন না কেন, তাঁর সঙ্গে কাজ করতে তাদের কোনো আপত্তি নেই৷ এমনকি এ কথাও বলা হয়, মোদি প্রধানমন্ত্রী হলে, সরকারপ্রধান হিসেবে তিনি এ-ওয়ান ভিসা পাবেন৷
গত শুক্রবার ভোটের ফলাফলে মোদি এবং তাঁর দলের বিজয় নিশ্চিত হওয়ার পর মোদিকে ফোন করে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট ওবামা৷ এ সময় তিনি মোদিকে সুবিধামতো সময়ে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন তিনি৷
এ ছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে পৃথক বিবৃতি দিয়ে মোদিকে অভিনন্দন জানানো হয়৷
আর মোদির ভিসার ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে৷ সরকারপ্রধান হিসেবে মোদি এ-ওয়ান ভিসা পাবেন৷’ ডন৷